‘ওয়েট অ্যান্ড ওয়াচ’, ফের একবার ডিসেম্বর নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য শুভেন্দুর, উল্লেখ করলেন তিনটি তারিখও, কী হতে চলেছে সেদিন?

বিগত কয়েকমাস ধরেই নানান বিজেপি নেতা (BJP leaders) বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে বারবার উঠে এসেছে ডিসেম্বর নিয়ে নানান মন্তব্য। তাদের কথায়, এই ডিসেম্বরেই (December) নাকি পতন হতে চলেছে রাজ্যের শাসক দলের। তবে এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেন নি কেউই।

এরই মাঝে গতকাল, বৃহস্পতিবার ফের একবার জল্পনা উস্কে ডিসেম্বর  নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এমনকি, উল্লেখ করে দেন তিনটি তারিখও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “১২, ১৪, ২১… খেয়াল রাখুন। দেখুন কী হয়। এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ”। আদতে এই দিনগুলিতে কী ঘটতে চলেছে, তা নিয়ে বেশ ধন্ধে রয়েছে রাজ্যবাসী।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে দেখা করতে নয়াদিল্লি যেতে পারেন শুভেন্দু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ১৩ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন বিরোধী দলনেতা। এর সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু।

এদিকে, শুভেন্দুর এই ‘ডিসেম্বর তত্ত্ব’ নিয়ে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ডিসেম্বর ডিসেম্বর বলতে বলতে হঠাৎ তারিখ দিয়েছেন শুনলাম। কী করে জানব উনি কী তারিখ দিচ্ছেন? যদি ঘুরিয়ে দেখা যায়, যদি সত্যিই সেদিন কোনও এজেন্সির তরফে কোনও তৎপরতা হয়, তাহলে প্রমাণিত হয়ে যাবে, দিল্লির বিজেপি বলে দেয় এজেন্সিকে কী করতে হবে। কেন্দ্রীয় এজেন্সি যদি ন্যূনতম কাউকে উত্যক্ত করে, তাহলে এটি সবার সামনে স্পষ্ট হয়ে যাবে যে এগুলি সাজানো। বিজেপি নেতারা তারিখ দেবেন, আর এজেন্সি গিয়ে প্যারেড করবে”।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “হঠাৎ কোনও মানসিক অবসাদগ্রস্ত কেউ ১২, ১৪, ২১ বলছেন। কীসের ভরসায়, কেন বলছেন তা বলতে পারব না। তিনি হয়ত সুকান্তকে সরিয়ে সভাপতি হওয়ার আশায়, বা নিজের কাউকে সভাপতি করার জন্য শোনাচ্ছেন। মূলত মানসিকভাবে অবসাদগ্রস্তরা অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের জ্যোতিষমূলক রাজনীতি করে থাকেন”।

আরও অন্যান্য খবর