মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছিলেন তিনি। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানানো থেকে শুরু করে একুশের শহিদ সমাবেশ মঞ্চে মুকুলের উপস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এসবই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার তাঁর সঙ্গে মুখোমুখি হতে চলেছেন মুকুল রায়। দলবদলের পর মুকুল রায়ের সঙ্গে এটাই শুভেন্দুর প্রথম বৈঠক। আগামী ৩০শে জুলাই রয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক। এই বৈঠকেই হতে চলেছে শুভেন্দু-মুকুলের ঐতিহাসিক সাক্ষাৎ-পর্ব।
আরও পড়ুন- ‘অমিত শাহ্’র পদত্যাগ চাই’, পেগাসাস ইস্যু নিয়ে এবার রাজপথে বিক্ষোভ দেখাবে কংগ্রেস
বিজেপির তরফে নানা চেষ্টা করা হয় মুকুল রায়কে আটকানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে জাঁকিয়ে বসেন তিনিই। আবার এদিকে তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। আবার এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির অন্যতম সদস্য হলেন শুভেন্দু অধিকারী।
এবার শেষমেশ এই দুই যুযুধান নেতার মধ্যে একটি বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে মুকুল রায়, শুভেন্দু অধিকারী–সহ এই কমিটির ২০ জন সদস্য থাকতে পারেন বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকের আগেই পিএসি’র চেয়ারম্যান পদ থেকে মুকুলকে সরাতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
বিজেপির দাবী, মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক। তবে পিএসি’র চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নাম বিজেপির তরফে প্রস্তাবই করা হয়নি।
আসলে, বিধানসভার নিয়ম অনুযায়ী, কমিটির চেয়ারম্যানের নামের প্রস্তাব দলই করবে। কিন্তু এখানে বিজেপির সমর্থন ছাড়াই মুকুল রায় এই কমিটির চেয়ারম্যান হয়ে গিয়েছেন। শুভেন্দুরা চেয়েছিলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হোক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে। কিন্তু তা আর হয়নি। এবার এরই মধ্যে ফের দেখা হতে চলেছে দুজনের।





