তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে আনা হতে পারে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব, এমনটাই বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। নরেন্দ্র মোদী সরকারের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণের হাত থেকে বিবৃতির কাগজ ছিনিয়ে নেন শান্তনু সেন। এরপর তা ছিঁড়ে দেন তিনি। অন্যদিকে, তৃণমূলের দাবী, শান্তনুর সঙ্গে অভব্যতা করা হয়েছে।
আজ, বৃহস্পতিবার পেগাসাস হ্যাক নিয়ে সংসদের পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে। মোদী সরকারের উপর চাপ বাড়াতে থাকে বিরোধী দলগুলি। এর জেরে দফায় দফায় মুলতুবি রাখা হয় রাজ্যসভা।
আরও পড়ুন- আগামী ৩০শে জুলাই মুখোমুখি মুকুল-শুভেন্দু, বৈঠকে বসছেন দুই যুযুধান নেতা
এরপর দুপুরে পেগাসাস হ্যাক নিয়ে বিবৃতি দেওয়া শুরু করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী। সেই সময় বিরোধী সাংসদরা তুমুল হট্টগোল শুরু করে দেন। বিজেপির অভিযোগ, এই সময় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর হাত থেকে সেই বিবৃতি ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই নিয়ে বিজেপি সাংসদ হরদীপ সিং পুরীর সঙ্গেও শান্তনু বচসায় জড়ান।
এরপর সংসদের বাইরে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি বলেন, “রাজনৈতিক বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এত নীচে নেমে যেতে পারে যে তারা দেশের ভাবমূর্তি খারাপ করবে, এমন কাজও করতে পারেন। আজ রাজ্যসভায় একজন সদস্য মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নেন। যিনি বিবৃতি দিচ্ছিলেন”।
এই বিষয়ে বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, “মূলত তৃণমূল সাংসদ-সহ বিরোধী সদস্যরা নিজেদের জায়গা থেকে উঠে পড়েন। তারপর কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নেন এবং ছিঁড়ে দেন। এটা একদম বরদাস্ত করা যায় না। উনি বিবৃতি দিচ্ছিলেন। তারপর আপনাদের প্রশ্ন করার অধিকার আছে”।
আরও পড়ুন- ‘অমিত শাহ্’র পদত্যাগ চাই’, পেগাসাস ইস্যু নিয়ে এবার রাজপথে বিক্ষোভ দেখাবে কংগ্রেস
এই ঘটনায় শুধুমাত্র কড়া বিবৃতি জারই করেই থেমে থাকতে চায় না বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, শান্তনুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারে বিজেপি সরকার।





