‘অনুব্রত ১০০ কোটি বদল করলে ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন’, ফের অভিষেককে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

নানান সময় নানান মঞ্চ থেকেই শাসক দল ও শাসক দলের নানান নেতাদের কটাক্ষ করেন তিনি। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সবসময় তাঁর হিটলিস্টেই থাকেন। এবার ফের একবার অভিষেককে বেলাগাম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবী, নোটবন্দির সময় ‘ভাইপো’ ১ হাজার কোটি টাকার নোট বদল করেছেন।

গতকাল, রবিবার নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন শুভেন্দু। বলেন, “পুরনো নোট বদল করেছেন ভাইপো। আমি এক হাজার লোকের নাম দিয়ে দেব। পেট্রল পাম্পের মালিক, ব্যবসায়ী, বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে নোট বদল হয়েছে। কাকে এই রকম এক হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। অনুব্রত মণ্ডল ১০০ কোটি বদল করলে ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন”।

এখানেই শেষ নয়। এদিন শুভেন্দু আরও দাবী করেন যে নানান থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে অভিষেক নাকি বস্তা বস্তা টাকা বদল করেছেন। তিনি এও জানান যে অভিষেকের পিএ কাকে কাকে এজেন্ট করে নোট বদল করেছেন, সেসবের তালিকাও রয়েছে। তাঁর এই অভিযোগ যে বেশ বিতর্কের সৃষ্টি করেছে, তা বলাই বাহুল্য।

তবে বিরোধী দলনেতার এহেন মন্তব্যের পর থেমে নেই ঘাসফুল শিবিরও। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুকে পাল্টা তোপ দেগে বলেন, s“শুভেন্দু বিরোধী দলনেতা নন, উনি অভিষেকের বিরোধী নেতা। ওনার শয়নে-স্বপনে শুধুই অভিষেক আর অভিষেক। শুভেন্দু যে নোটবন্দির কথা বলছেন, তথাকথিত ‘বিস্ফোরক’ মন্তব্য করছেন। উনি মাঝে মাঝেই এমন তথাকথিত বিস্ফোরক, চাঞ্চল্যকর মন্তব্য করেন। তা উনি যা বলছেন তার প্রমাণ দিন না ৷ কেন্দ্রীয় এজেন্সির কাছে তথ্য প্রমাণ দিন। জনসাধারণের সামনে তথ্য প্রমাণ নিয়ে আসুন। অভিষেক তো বলেই রেখেছে নিজের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হলে উনি কী করবেন”।

কুণাল আরও বলেন, “দ্বিতীয় বিষয় হল উনি যে সময়ের কথা বলছেন তখন তো উনি মন্ত্রী। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। উনি ওনার পরিবারের সকলে। তাহলে ক্ষমতায় থাকাকালীন তখন কেন এর প্রতিবাদ করেননি”।

RELATED Articles