চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল টাকা আত্মসাৎ, ভাইরাল তৃণমূল বিধায়কের অডিও ক্লিপ, বিস্ফোরক অভিযোগকারী

বর্তমানে রাজ্যে নানান দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতি। এর মধ্যে অন্যতম হল নিয়োগ দুর্নীতি। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করার ঘটনা কম নয়। এবার ফের একবার এক শাসক দলের নেতার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ।

চাকরিপ্রার্থী গার্গী ঘোষের স্বামী বিস্ফোরক অভিযোগ তুললেন  মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন ওই বিধায়ক, এমনই অভিযোগ অভিযোগকারীর। বিধায়কের সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও-ও ভাইরাল হয়েছে যা গোটা এলাকার বেশ শোরগোল ফেলেছে।

সামনে এসেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়কের সঙ্গে চাকরিপ্রার্থী গার্গী ঘোষের স্বামীর কথোপকথনের একটি কল রেকর্ড। তবে অভিযুক্ত বিধায়ক দাবী করেছেন যে ভাইরাল হওয়া অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে, সেটি তাঁর নয়। আবার অন্যদিকে,অভিযোগকারীর দাবী, তিনি চাকরির জন্য বিধায়ককে ধাপে ধাপে টাকা দিয়েছিলেন। কিন্তু তারপরও মেলেনি চাকরি।

অভিযুক্ত বিধায়কের কথায়, এই সমস্ত কল রেকর্ড ভুয়ো, ভিত্তিহীন। তাঁকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিধায়কের দাবী, তিনি মানুষের স্বার্থেই কাজ করেন। এমন অভিযোগ এনে তাঁকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। আবার বিরোধীদের তরফে পাল্টা দাবী তোলে হয়েছে যে অভিযোগকারীর সব অভিযোগ সত্যি।

বিরোধী শিবিরের তরফে এমনও দাবী করা হয়েছে যে শুধুমাত্র মুর্শিদাবাদেই নয়, জেলার বাইরেও অনেক চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়ে চাকরি করিয়ে দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, ভুয়ো শিক্ষকের যে তালিকা বের হয়েছে, সেই তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের থেকে টাকা নিয়ে তৃণমূল বিধায়ক চাকরি দিয়েছিলেন।

RELATED Articles