‘১৭টি পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতবে ১২টি’, নন্দীগ্রাম থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আগামী বছরই হবে ভোট। এই নির্বাচন নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যেই উত্তেজনা তুঙ্গে। সকলেই নিজের নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। শাসক-বিরোধীর মধ্যে আক্রমণ (attack), পাল্টা আক্রমণ ক্রমেই বাড়ছে। আর এমন আবহে এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

গতকাল, রবিবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু। সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে হুঙ্কার দিয়ে তিনি বলেন, “১৭টি পঞ্চায়েতের মধ্যে ১২টি বিজেপির ঝুলিতে যাবে। ১৭টির মধ্যে ১২টি পঞ্চায়েতের প্রধান হবে বিজেপির। আর বাকি পাঁচটির প্রধান কে হবেন, সেটিও বিজেপির সদস্যরাই ঠিক করবেন”।

শুভেন্দু আরও জানান যে বিজেপির ঝুলিতে ২টি পঞ্চায়েত সমিতিও যাবে। শুধু পঞ্চায়েত নির্বাচনই নয়, এদিনের সভায় ফের একবার ডিসেম্বর ডেডলাইন প্রসঙ্গ তুলে ধরেন বিরোধী দলনেতা। তাঁর দাবী, রাজ্য সরকার আরও বেশি কোণঠাসা হতে চলেছে ধীরে ধীরে। শুভেন্দু বলেন যে সরকারের দেউলিয়া হওয়ার সময় এখন শুধু অপেক্ষা মাত্র।

যদিও শুভেন্দুর এহেন মন্তব্যে কান দিতে নারাজ শাসক শিবির। তৃণমূল রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে বলেন, “যিনি নিজের পুর এলাকায় জিততে পারেন না, যিনি সমবায় ভোটে জিততে পারেন না, নিজের দলকে জেতাতে পারেন না, তিনি সেখানে এই সব দিবাস্বপ্ন দেখছেন”?

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “ওরা ইডি-সিবিআইকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু নন্দীগ্রামের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভয় দেখিয়ে কাজ হবে না”।

RELATED Articles