’১০ লক্ষ টাকার বিনিময়ে টেটের প্রশ্ন বলে দেওয়া হচ্ছে’, বিস্ফোরক দাবী করলেন শুভেন্দু

বিগত কয়েক মাস ধরেই টেট  দুর্নীতি (TET scam) নিয়ে বেশ বিতর্ক হচ্ছে রাজ্যে। এই  নিয়ে মামলা এখনও আদালতে বিচারাধীন। আর এই দুর্নীতি নিয়ে শাসক দলকে অহরহ তোপ দাগছে বিরোধীরা। সব মিলিয়ে টেট দুর্নীতি নিয়ে এখন রাজ্য ও রাজনীতি, দুই-ই বেশ উত্তপ্ত। এবার ফের একবার এই টেট দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ফের বিরোধী দলনেতার নিশানায় রাজ্য। গতকাল, শনিবার ছিল হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির সভা। সেই সভা থেকেই বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু বলেন, “১০ লক্ষ টাকার বিনিময়ে বলে দেওয়া হচ্ছে টেটের প্রশ্ন”।

আজ, রবিবার রয়েছে টেট পরীক্ষা। তবে পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রি কার হচ্ছে বলে অভিযোগ তুললেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কথায় ১০ লক্ষ টাকার বিনিময়ে টেটের প্রশ্ন বিক্রি করা হচ্ছে। আগাম দিতে হচ্ছে পাঁচ লক্ষ টাকা। পাশাপাশি ডিএ নিয়েও হুঁশিয়ারি শানালেন শুভেন্দু। বললেন, “মহার্ঘ ভাতা রাজ্য সরকারকে দিতেই হবে”।

নাম না নিয়েই মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুঁশিয়ারি শানিয়ে তিনি বলেন, “যে দিন ডিএ দিতে হবে, সে দিন নবান্নের ১৪ তলা থেকে পালাতে হবে”। তিনি আরও বলেন, “আমাদের আশঙ্কা রয়েছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে, প্রশ্ন বলে দেওয়া হবে। ১০ লক্ষ টাকার চুক্তি। পাঁচ লক্ষ টাকা আগাম দিলে প্রশ্ন শনিবারই বলে দেওয়া হবে। পরে বাকি পাঁচ লক্ষ টাকা মেটাতে হবে”।

এখানেই থেমে থাকেন নি তিনি। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “জঙ্গলের রাজত্ব চলছে, হামলা করা ছাড়া সন্ত্রাস করা ছাড়া ওদের আর কিছু করার নেই। সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি শুধু নন, তিনি এক জন সাংসদও। জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তাঁর গাড়িতে হামলার ঘটনা প্রমাণ করে, দক্ষিণ ২৪ পরগনা আসলে ভাইপো এবং পিসি পরিচালিত। শওকত মোল্লা, জাহাঙ্গির খানের মতো গুন্ডাদের হাতে সেই জেলা চলে গিয়েছে”।

শুভেন্দুর কথায়, সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা চালানোর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামবে বিজেপি। শুভেন্দুর কথায়, “অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন করব। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবেন”। এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শাসক দলকে আক্রমণ শানান বিরোধী দলনেতা।

RELATED Articles