পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। ভোটের দিন রাজ্যে প্রাণ বলি হয়েছে ১৯ জনের। এখনও থামছে না ভোট পরবর্তী হিংসা। এই নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যখন গর্জে উঠছে, সেই সময় এক অভিনব প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁচলার বিডিও অফিসে গিয়ে বিডিওকে কালো গোলাপ ও মিষ্টি উপহার দিলেন তিনি।
ঠিক কী করলেন শুভেন্দু?
আজ, সোমবার বেলার দিকে পাঁচলায় বিডিও অফিসে পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও। মূলত বিডিও-র সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিডিওকে না পেয়ে শেষে জয়েন্ট বিডিওর হাতে কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দু। যদিও কালো গোলাপ আর মিষ্টি পেয়ে জয়েন্ট বিডিও-র তখন মুখ লুকানোর দশা।
তাঁর কটাক্ষ, “বিডিও সাহেব যেভাবে ভোট করিয়েছেন, যেভাবে গণনা করিয়েছেন তাতে নির্মমতার সরকার ক্ষমতায় এসেছে। তাঁর এই কাজের জন্য ছোট্ট উপহার দিলাম। দারুণ ভোট করিয়েছেন”। পঞ্চায়েত ভোটে আগেই কারচুপির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি বললেন, তৃণমূলের সঙ্গে সরকারি আধিকারিকদের একাংশও কারচুপিতে যুক্ত ছিলেন।
কী দাবী বিডিও-র?
যদিও জয়েন্ট বিডিওর দাবী, নিরপেক্ষভাবে ভোট করানোর চেষ্টা করেছেন বিডিও। কিছু অভিযোগ এসেছিল তা নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এও বলেন, “বিডিও অফিসের ভিতর শুভেন্দু অধিকারী আসার পর তাঁকে বেশ কয়েকবার বসার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি ফুল-মিষ্টি দেওয়ার পরেই বেরিয়ে যান”।
তৃণমূলের কী বক্তব্য
শুভেন্দুর এহেন কাণ্ডের কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “রাজ্যে ৩৫৫ ধারা জারির মঞ্চ প্রস্তুত করতে চাইছেন শুভেন্দু। ওঁর রক্তের রাজনীতি চাই। তাই এসব করছে। গরিবকে গরিবের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র ছবি তোলার রাজনীতি”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!