মুকুল না শুভেন্দু? কে হবেন বিরোধী দলনেতা? নির্বাচনে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

বিজেপিকে পর্যদুস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক মন্ত্রীরা সব নির্বাচিত হয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরোধী দলনেতাকে হবেন তা এখন‌ও জানা যায়নি।‌ মুকুল রায়? শুভেন্দু অধিকারী? নাকি অন্য কেউ? কে হবেন বিজেপির পক্ষে বিরোধী দলনেতা?

সূত্র মারফত খবর, বাংলায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব ভূপেন্দ্র যাদবকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা যাচ্ছে খুব তাড়াতাড়িই তাঁরা পশ্চিমবঙ্গে দলীয় বিধায়কদের সঙ্গে আলোচনা করে বিরোধী দলনেতাকে বেছে নেবেন।

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের

তবে বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলে কিছুটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ‌তার কারণ হিসেবে উঠে আসছে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পরাজিত করা ‌। বঙ্গ বিজেপি নেতৃত্বের একটা অংশ মনে করছে আগেরবারের চেয়েও বেশি ক্ষমতা নিয়ে ফেরা মমতার বিরুদ্ধে লড়াই করতে বিজেপির তরফে যোগ্য জবাব হতে পারেন শুভেন্দুই। যদিও নিজের এলাকায় দলকে বড় জয় দিতে পারেনি শুভেন্দু।

আরও পড়ুন-মৃতদেহের ভিড়ে বিকল হচ্ছে চুল্লি! নিমতলা মহাশ্মশান স্তুপাকৃতি ৩০০ মৃতদেহ

সেই সঙ্গে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে জিতেছেন মুকুল রায়‌ও।‌তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে নয় ‌। একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষ্ণনগর উত্তরের আসন থেকে জয়ী হয়েছেন। অত্যন্ত ঠাণ্ডা মাথার এই রাজনীতিবিদ বঙ্গ রাজনীতিতে চাণক্য হিসেবে খ্যাত। আর তাই মুকুল প্রথমবার ভোটে জিতলেও রণনীতি নির্ধারণে তিনি অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ। তবে বিধায়ক হিসেবে তিনি কতটা প্রভাবশালী হবেন তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। কারণ এর আগে তিনি ২ বার রাজ্যসভার সাংসদ হলেও বক্তা হিসেবে মুকুল বিশেষ নজর কাড়তে পারেননি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত শুভেন্দু ও মুকুল, এই দুই নেতাই তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। কিন্তু কেউ কেউ মনে করছেন বিধায়ক হিসেবে মুকুলের চেয়ে অনেকটাই বেশি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

তবে শুভেন্দু মুকুলের সঙ্গে এই দৌড় প্রতিযোগিতায় রয়েছেন মদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাও।‌ বিজেপির যখন বাংলায় কিছুই ছিল না তখন মনোজ হলেন বিজেপির সেই ৩ বিধায়কের ১ জন, যাঁরা ২০১৬’র নির্বাচনে জয় পেয়েছিলেন। দিলীপ ঘোষ বিধায়ক পদ ছাড়ার পর তিনিই বিধানসভায় দলকে নেতৃত্ব দেন। এছাড়া চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, জয়পুরের নরহরি মাহাত, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর নামও উঠে আসছে। এখন দেখার শেষ পর্যন্ত শুভেন্দু, মুকুল নাকি সংঘের সঙ্গে ওঠাবসা রয়েছে এমন কাউকে বেছে নেয় বিজেপি।

RELATED Articles