রাজ্যের বিজেপি নেতারাই রাজ্যে বিজেপি পরিচালনা করবে। কেন্দ্রীয় নেতৃত্ব অনধিকার হস্তক্ষেপ করছে। এর বিরুদ্ধে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল, শনিবার বিজেপির এক সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, “এতদিন আপনারা অনেক সাহায্য করেছেন। এর জন্য ধন্যবাদ। এবার আমাদসের বিষয়টা আমাদেরই বুঝে নিতে দিন”।
আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত
রাজ্যে বিজেপির পরাজয়ের কারণ হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপকে দায়ী করেছে দলেরই একাংশ। লাগাতার কেন্দ্রীয় নেতাদের রাজ্যে প্রচার চালানো ও তৃণমূলের ‘বহিরাগত’ প্রচার, এসবের মাঝে পড়ে মানুষ বিজেপিকে মন খুলে ভোট দিতে পারেনি বলেই দাবী তাদের। এই পরিস্থিতিতে শনিবার দিলীপবাবু যা বললেন তা একপ্রকার সেই মতেরই স্বীকৃতি।
ভোটের ফল বিশ্লেষণের জন্য বৈঠক করা হয়। কিন্তু এই বৈঠকে জেলায় জেলায় হিংসা নিয়েও আলোচনা হয়। ভোট মিটতেই যে ভাবে দিল্লির নেতারা ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় নেমেছেন তাতে যে তিনি মোটেও খুশি নন দিলীপ, তা এদিন স্পষ্ট করে দেন তিনি। বলেন, “ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দিল্লির নেতৃত্ব আমার কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা কী ভাবে আমাদের সাহায্য করতে পারেন। আমি ওঁদের বলে দিয়েছি, এতদিন আপনারা অনেক সহযোগিতা করেছেন, সেজন্য ধন্যবাদ। এবার আমাদের বিষয় আমাদেরই বুঝে নিতে দিন”। দিলীপবাবু একথা বলতেই হাততালির ঝড় ওঠে বৈঠকে।
এই বৈঠকে আরও বলা হয়েছে যে, “শান্তি ফেরানোই আপাতত বিজেপির প্রথম লক্ষ্য। আক্রান্ত নেতাকর্মীদের পাশে দল অবশ্যই দাঁড়াবে”।
আরও পড়ুন- হঠাৎ কী হল? জেলা তৃণমূলে শিশির অধিকারীর ‘পুত্র’কে রেখে দিল শাসক শিবির!
এদিনের বৈঠকে এক বিজেপি নেতা আরও বলেন, “ভিন রাজ্যের নেতাদের নিয়ে বাড়াবাড়ি করেই এই পরিণতি হয়েছে। আমাদের রাজ্যে কী নেতার অভাব ছিল? দিলীপদা দিল্লিতে বলে দিয়েছেন। আমরা দিল্লির শাসন মানবো না”।






