অবশেষে তৃণমূল ছেড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকাল ১১ টার সময় তৃণমূল সাংসদ সৌগত রায়কে এসএমএস করে রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে তৃণমূলে থেকে একসঙ্গে কাজ করা আর সম্ভব হচ্ছে না। তিনি সেই এসএমএসে লিখেছেন, “আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু গতকাল বৈঠকে আমাকে অনৈতিক ভাবে ডাকা হয়েছিল। আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।”
গতকালকে উত্তর কলকাতার একটি বাড়িতে প্রশান্ত কিশোর এবং সৌগত রায়ের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর সৌগত রায় গর্ব সহকারে জানিয়েছিলেন যে দু’ঘণ্টার আলোচনাতে শুভেন্দু অধিকারীকে বোঝানো সম্ভব হয়েছে এবং তিনি তৃণমূলেই থাকবেন। যদি শুভেন্দু অধিকারী গতকাল রাতে নিজের মুখে কিছু বলেননি।
কিন্তু আজ সকালেই জানা গেল যে কোনভাবেই তৃণমূলে থাকতে আর রাজি নন পূর্ব মেদিনীপুরের এই দাপুটে নেতা। আচমকা এই খবরে রাজনৈতিক মহল যথেষ্ট স্তম্ভিত। এখন শুভেন্দু অধিকারী কী করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সকলে।





