‘২০২৪-এ পশ্চিমবঙ্গ থেকে ২৫টিরও বেশি আসন পাবেন মোদীজি’, উত্তরপ্রদেশে বিজেপি জিততেই দাবী শুভেন্দুর

একুশের নির্বাচনে থেকে এই রাজ্যে হার শুরু হয়েছে বিজেপির। একে একে উপনির্বাচন, কলকাতা পুরসভার নির্বাচন, ১০৮টি পুরসভায় নির্বাচনে, সবেতেই ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। এই সময় কোনও বাক্যব্যয় করেন নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তবে এবার উত্তরপ্রদেশে বিজেপি জিততেই মুখ খুললেন তিনি।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যেই জিতেছে বিজেপি। পাঞ্জাব ছাড়া বাকি চারটি রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়। আর তাতেই গেরুয়া আবিরে মেতেছে বাংলার বিজেপি কর্মী-সমর্থকরা। এমনকী রাজ্য বিজেপির সদর দফতরের সামনে খেলা হয়েছে গেরুয়া আবির। করা হয়েছে লাড্ডু বিতরণ। এই ফলাফলে উচ্ছ্বসিত স্বয়ং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

আজ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা সেমিফাইনাল। তাহলে সেমিফাইনাল হয়ে গেল, হেরেও গেলেন। অর্থাৎ ২০২৪ সালে মোদী, মোদী। ২০২৪ সালে ৪০০ পার। সেমিফাইনালে হেরে গেলে তো আর ফাইনালে থাকার কথা নয়। আউট”।

তাঁর সংযোজন, “কেন্দ্রীয় বাহিনী যেদিন দাঁড়িয়ে থাকবে, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া যেদিন ভোট করাবে আমি লিখে দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কম করে মোদীজি ২৫ প্লাস আসন নিয়ে সংসদে যাবেন”।

শুভেন্দুর এমন মন্তব্য নিয়ে বিজেপির নামপ্রকাশে অনিচ্ছুক এক আদি নেতা বলেন, “শুভেন্দুর মন্তব্য অনেকটা আগেকার সিপিআইএম নেতাদের মতো। রাশিয়ায় বৃষ্টি পড়লে এখানের বাম নেতারা ময়দানে ছাতা খুলে দাঁড়াতেন। নিজেরা জিততে পারে না, অন্য রাজ্য নিয়ে লাফায়”। ‌

https://twitter.com/SuvenduWB/status/1501803879448526851?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1501803879448526851%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Flop-suvendu-adhikary-claimed-that-in-2024-bjp-gets-25-plus-constituency-from-bengal-31646912656935.html

এদিন একটি টুইটও করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, “‌জয়ী হয়েছে উন্নয়ন, দেশাত্মবোধ, ভাল পরিষেবা, আইনশৃঙ্খলা, সামাজিক উদ্যোগ। জয়ী হয়েছে হিন্দুত্বও”।‌ এদিন বিধানসভাতেই বিজেপি বিধায়কদের কপালে গেরুয়া আবিরের টিকা পরিয়ে দেন শুভেন্দু। লাড্ডু বিতরণও করেন। একইসঙ্গে মিষ্টিমুখ করেন নিজেও।

আরও অন্যান্য খবর