শাসকদল পিএসির চেয়ারম্যান পদ নিয়ে রীতিমতো রাজনীতি করছে। রাজ্যের ২.২৮ কোটি মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে রাজ্য সরকার। আজ, মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গত সপ্তাহেই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান পদে নিযুক্ত করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে আজ, মঙ্গলবার বিধানসভার ৮টি কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অশোক কীর্তনীয়া, মিহির গোস্বামী-সহ মোট ৮ জন বিজেপি বিধায়ক। এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কের একটি প্রতিনিধি দল পৌঁছয় রাজভবনে রাজ্যপালের কাছে এই বিষয়ে নালিশ জানাতে।
আরও পড়ুন- কলকাতায় আয়োজিত হল পেট্রোপণ্যের শ্রাদ্ধানুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত নরেন্দ্র মোদী
এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর শুভেন্দু অধিকারী জানান, “পিএসির চেয়ারম্যান পদ নিয়ে রাজনীতি করছে শাসকদল। রাজ্যে যে ২.২৮ কোটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে তারা”।
শুভেন্দুর দাবী, দলত্যাগী মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করে বিধানসভা পরিচালনার ৩০২ ধারা ভঙ্গ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও দাবী, পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে ও বাইরে গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে। এই নিয়ে সরব হয়েছে গেরিয়া শিবির। এমনকি বিজেপির তরফে দেশের সমস্ত রাজ্যের স্পিকার ও দলনেতাদের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীর দাবী, “মুকুল রায় প্রকাশ্যে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে দলবদল করেছেন। তৃণমূলের প্তাকা হাতে তুলে নিয়েছেন। শুধু তাই-ই নয়, এরপর আবার আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতির হাতেও তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলবদল করিয়েছেন। এমনকী টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজেকে তৃণমূল নেতা বলেই পরিচয় দিয়েছেন মুকুল রায়। অথচ এদিকে স্পিকার বলছেন তিনি বিজেপি। কী করে হয়? আগামী ১৬ই জুলাই তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবী নিয়ে শুনানি রয়েছে। সেখানে সব বিষয় তুলে ধরবো”।





