মুকুলকে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদ, বিধানসভার ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ বিজেপি বিধায়কদের

যেমনটা বলা হয়েছিল, তেমনটাই হল। দলত্যাগী মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিশনের চেয়ারম্যান হিসেবে মেনে নিতে নারাজ বিজেপি। এর প্রতিবাদে আজ, মঙ্গলবার বিধানসভার নানা কমিটি ও স্ট্যান্ডিং কমিটি-সহ মোট ৮টি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিজেপির বিধায়ক।

এদিন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণ কল্যাণী, মনোজ টিগ্গা, নিখিলরঞ্জন দে, বিষ্ণুপ্রসাদ শর্মা, দীপক বর্মন, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন ও অশোক কীর্তনিয়া।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের পর এবার খাদ্য দফতর, মেধা তালিকা মেনে হয়নি নিয়োগ, খাদ্য ভবনের সামনে বিক্ষোভ বঞ্চিতদের

গত সপ্তাহেই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই শুরু হয় হট্টগোল। এই ঘোষণা শোনার পর অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

বলে রাখি, বিগত কিছুদিন ধরেই বিধানসভার স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক ও বিরোধীদলের মধ্যে টানাপোড়েন চলছিল। বিরোধীদের দাবী ছিল, ১৫টি কমিটির চেয়ারম্যান পদ রয়েছে। কিন্তু ১০টির বেশি পদ ছাড়তে রাজি হয়নি শাসক দল। এদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বিরোধীরা দলও।

এরই মধ্যে দু’পক্ষের মধ্যে এই বিবাদ তুঙ্গে ওঠে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে। চেয়ারম্যান কে হবেন, এ নিয়ে দু’পক্ষের মধ্যেই শুরু হয় চাপানউতোর। এই পদের জন্য ছ’জন বিধায়কের নাম মনোনীত করে পাঠায় বিজেপি। সেখানে কিন্তু মুকুল রায়ের নাম ছিল না। কিন্তু এরইমধ্যে মুখ্যমন্ত্রী জানান, মুকুল রায় যেহেতু বিজেপিরই বিধায়ক, তাই তাঁকেই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। আর বিধানসভা অধিবেশন চলাকালীন তা কার্যকরও করা হয়েছে।

এরপরই বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিজেপির বিধায়কদের দেওয়া কোনও চেয়ারম্যান পদই তারা নেবেন না। তারা ইস্তফা দেবেন। তাই-ই হল। ইস্তফা দিলেন বিজেপির ৮ বিধায়ক।

আরও পড়ুন- কেন্দ্রীয় প্রকল্প চুরি করছে রাজ্য, অভিযোগ তুলে দিল্লি যাওয়ার পথে শুভেন্দু

তবে শুভেন্দু অধিকারী জানান যে বিজেপির বিধায়করা সব কমিটিতে থাকবেন। এদিন শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের প্রতিনিধির দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এই বিষয়ে অভিযোগ জানাবেন বলেও জানা গিয়েছে।

RELATED Articles