আজ, ২রা মে। গত বছর আজকের দিনেই রাজ্যের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। রাজ্যে তৃণমূলের তৃতীয়বার সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি এটি। আজকের দিনেই বিজেপিকে কার্যত ধূলিসাৎ করে ফের একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষ দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিন উপলক্ষ্যে সরকারের তরফে নানান কর্মসূচিও রয়েছে। তবে একদিকে এই দিনটি মমতা সরকারের জয়ের বর্ষপূর্তি হলেও, অন্যদিকে কিন্তু এই দিনটিই আবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হারেরও বর্ষপূর্তি বটে!
গত বছর আজকের দিনেই ফলাফল ঘোষণা হয় একুশের বিধানসভা নির্বাচনের। আর এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন শুভেন্দু অধিকারী। আজকের দিনেই নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান তিনি। তাই এই দিনটি আবার শুভেন্দু অধিকারীর মমতাকে হারানোরও বর্ষপূর্তি।
এদিন উপলক্ষ্যে সকল নন্দীগ্রামবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লেখেন, “গত বিধানসভা নির্বাচনে আমার ওপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য নন্দীগ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ। নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করা আমার সংকল্প। এই জয় ভবিষ্যতের বৃহত্তর কঠিন লড়াইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়েছে ও আমাকে দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে”।
তিনি এও জানান যে গত বছর আজকের দিনেই তৃণমূল দুষ্কৃতীদের হাতে প্রাণ সংশয় হয় তাঁর। তাঁর কথায়, “মা দুর্গার আশীর্বাদে আজ আমি বেঁচে আছি। গত বছর আজকের দিনেই হলদিয়াতে বিজয়ের শংসাপত্র আনতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতী আনসার শেখের দলবলের ইঁট বৃষ্টির মধ্যে পড়ে প্রাণ সংশয় হয়। ভগবান রাম ও হনুমানজির অশেষ কৃপায় বেঁচে ফিরি”।
https://twitter.com/SuvenduWB/status/1521045338945056770
https://twitter.com/SuvenduWB/status/1521045581027627008
বলে রাখি, এদিন বিজেপির তরফেও রয়েছে এক কর্মসূচি। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন নানান বিজেপি কর্মী-সমর্থকরা ভোট পরবর্তী হিংসার শিকার হন। তাদের শ্রদ্ধা জানাতে ও রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়ে আজ, সোমবার কলকাতায় মহামিছিল রয়েছে বিজেপির।





