গরু ও কয়লাপাচার কাণ্ড নিয়ে খোঁচা শুভেন্দুর! এরপর ‘তোলাবাজ ভাইপো’র পালা, কটাক্ষ বিজেপি নেতার

গত বেশ কিছুদিন ধরে গরু ও কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের। এবার এই ঘটনায় সিবিআই-এর নিশানায় তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। তাঁর তিনটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গ টেনেই ফের একবার শাসকদলকে, বিশেষত ‘ভাইপো’-কে শানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়ার সভায় ‘তোলাবাজ ভাইপো’কে তীক্ষ্ণ বাক্যবাণে বিঁধলেন বিজেপি নেতা।

আজ নন্দীগ্রামে জোড়া সভা করার কথা শুভেন্দুর। প্রথমটি ছিল সোনাচূড়ায়। এদিন এই সভা থেকে তৃণমূলকে শাসিয়ে তিনি বলেন, “কাল বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই ঢোকার পর থেকেই তোলাবাজ ভাইপোদের দরজাও বন্ধ, মুখও বন্ধ। প্রথমে লালা আট এনামুল। গরু ও কয়লা। সেটা একটা ধাপ। আর এরপর বিনয় মিশ্র। তিনি আবার যুব তৃণমূল কংগ্রেসের নেতা। আর একটা ধাপ, তারপরেই তোলাবাজ ভাইপোর পালা। খুব দেরী নেই”।

এদিন নন্দীগ্রামে তাঁর দ্বিতীয় সভা কাঁথিতেই বিজেপি যোগ দেবেন ভাই সৌমেন্দু অধিকারী, একথা সোনাচূড়ার সভায় নিজেই ঘোষণা করেন শুভেন্দু। কিছুদিন আগেই শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান”। সেই চ্যালেঞ্জকে যে তিনি বেশ হালকাভাবে নেননি, তার প্রমাণ সৌমেন্দুর বিজেপিতে যোগ। অভিষেকের এই কথাতেই শুভেন্দু বলেন, “রামনবমী আভি বাকী হ্যায়। সবে তো পদ্মে কুঁড়ি ধরেছে। ভোট এখনও দেরী। ভোটের আগেই রামনবমী হবে”। বেশ হুংকারের সুরেই শুভেন্দু বলেন যে নির্বাচন বিধি চালু হলেই আসল খেলা শুরু হবে। আগামী নির্বাচন যে বেশ জোরদার হতে চলেছে, এ বিষয়ে আর কোনও দ্বিমত নেই।

আরও অন্যান্য খবর