সেয়ানে-সেয়ানে! অধিকারী গড়ে সভা অভিষেকের, ডায়মন্ড হারবারে পাল্টা সভা করতে প্রস্তুত শুভেন্দু, শনিবার রাজ্যের আবহাওয়া থাকবে গরম

উনিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন যে তিনি ইঞ্চি ইঞ্চি বুঝে নেবেন। তাঁর আদর্শেই আগে কাজ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কারণে এবার সেই ‘ইঞ্চি-ইঞ্চি’ বুঝে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার পাল্টা করবেন শুভেন্দু। তাও আবার ডায়মন্ড হারবার (Diamond Harbor) অর্থাৎ অভিষেকের গড়ে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে কাঁথিতে অধিকারী গড়ে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ধারাবাহিকতা বজায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের আগে এবার ফের কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক। আগামীকাল রয়েছে এই সভা।

তাঁর এই সভার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর পরিবারকে হেনস্থা করার জন্যই তাঁর বাড়ির এত কাছে সভা করছেন অভিষেক, এমনই দাবী তোলেন বিরোধী দলনেতা। তবে সেই দাবী খারিজ হয়ে যায় আদালতে। এরপরই শোনা গেল আগামীকাল অর্থাৎ অভিষেকের সভার দিনই পাল্টা সভা করবেন শুভেন্দু। তাও আবার ডায়মন্ড হারবারে অর্থাৎ অভিষেকের সংসদীয় এলাকায়।

পুরভোটে নিজেদের এলাকাতেই ভালো ফল করতে পারে নি অধিকারী পরিবার। কাঁথিতে শুভেন্দুর ওয়ার্ডে পরাজয় ঘটে বিজেপির। যদিও শুভেন্দুর দাদা তথা তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারী ছাপ্পা ভোটের অভিযোগ এনেছিলেন।

তবে পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, গত প্রায় ৩০ বছর ধরে কাঁথিতে কোনও না কোনও ভাবে ক্ষমতায় রয়েছেন অধিকারীরা। এরপরও নিজেদের ওয়ার্ডে জিততে না পারাটা কাজের কথা নয়। বাম জমানায় এই বাংলাতেই কিছু নেতা তাঁদের পুরসভা বা ওয়ার্ড ভোটের পর ভোট, বছরের পর বছর ধরে রাখতেন। তখন বামেদের দাপট কিছু কম ছিল না। পুলিশ প্রশাসনেরই বা ভূমিকা কী ছিল তা বহু মানুষ ভালো মতোই জানে!

RELATED Articles