রাজ্যের সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্ক একেবারেই শেষ পর্যায়ে। আশঙ্কা সত্যি করে আজ মন্ত্রিত্ব থেকে পদত্যাগও করেছেন তৃণমূলের অন্যতম এই বলিষ্ঠ নেতা। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছেড়েছিলেন আগেই। স্রেফ পাইলট কারই নয়, শুক্রবার ছেড়ে দিলেন মন্ত্রিত্ব টুকুও।
বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে গুঞ্জন উঠেছিল মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়-এর মতোই তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরতে পারেন শুভেন্দু অধিকারী। তাঁর বিভিন্ন রকমের কার্যকলাপ সেই ইঙ্গিতই দিচ্ছিল। আর আজ তাঁর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ সেই জল্পনাতে সীলমোহর দিলো।
শোনা যাচ্ছে, আগামীকাল বিজেপি হাই কমান্ডের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে সেখানেই নাকি স্থির করবেন নিজের পরবর্তী কার্যক্রম।
সূত্রের খবর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই পদ্ম শিবিরে যোগদান করবেন শুভেন্দু অধিকারী।
তবে এই প্রসঙ্গে বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, এই বিষয়ে এখনও পর্যন্ত ওঁর সঙ্গে আমার কিছু কথা হয়নি। তবে যদি উনি যোগ দিতে চান তাহলে আসতে পারেন আমরা ওঁকে সাদরে স্বাগত জানাচ্ছি।
বলতেই হয়, বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতি জমজমাট। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ততই বাড়ছে! একইসঙ্গে শাসক-বিরোধী দুই শিবিরে বাড়ছে উত্তেজনা ও আশঙ্কা।





