রাষ্ট্রপতির পর রাজ্যপালের বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য, তৃণমূল মন্ত্রী অখিলের বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেছিলেন তিনি। এবার ফের রাজ্যপাল সি ভি আনন্দের বিরুদ্ধেও সেই একই কাজ করার অভিযোগ উঠল রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। সেই বিষয়ে অভিযোগ করে রাজ্যপালকে চিঠি লিখে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে অখিল গিরির একটি মন্তব্যের ভিডিও দিয়েছিলেন তিনি। এর সঙ্গে রাজ্যপালকে দেওয়া মন্ত্রীর বিরুদ্ধে সেই চিঠিও পোস্ট করেছেন শুভেন্দু।

কী রয়েছে ওই ভিডিওতে?

ওই ভিডিওতে অখিল গিরিকে বলতে শোনা গিয়েছে, “এত হম্বিতম্বি কিসের? আমরা পারি না নাকি? আমরা পারি না? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা। আমরা পারি আমাদের কাছে যা কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে, আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে”। যদিও শুভেন্দুর পোস্ট করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। এই ভিডিওতে অখিল গিরি কারোর নাম না করলেও, তাঁর নিশানায় যে শুভেন্দু অধিকারীই ছিল, তা বেশ স্পষ্ট।

এরপর অখিল গিরিকে আরও বলতে শোনা যায়, “সেই জন্যই তো ১০ তারিখে আনন্দ বোস… আমরা কি আনন্দ বোস রাজ্যপালের ব্যাপারটা আমরা জানি না নাকি? কেন কুণাল ঘোষের পুজোর উদ্বোধন করতে গেছো আমরা জানি না নাকি”?

তিনি আরও বলেন, “হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন ১০ তারিখে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য ডেকেছ ১০০ দিনের কাজের কথা বলতে? আমরা জানি না! হোয়াটসঅ্যাপে কী আছে! তোমার কলঙ্ক আমরা ধরব। ছাড় পাবে না। আমাদেরও আইবি আছে, পশ্চিমবঙ্গের।আমাদেরও ফাইল রেডি”।

https://twitter.com/SuvenduWB/status/1721418154768027782?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1721418154768027782%7Ctwgr%5Ea1fcbabbfb5e37926750e73ce3a6f6e9329491fb%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create

কারামন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদ করেই সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, রাজ্যপাল যাতে পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে পরামর্শ দেন যাতে কারামন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়। সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন শুভেন্দু। অখিল যে এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করেছিলেন, তা-ও এই চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু।

কী সাফাই দিলেন অখিল?

অন্যদিকে, রাজ্যপালকে নিয়ে মন্তব্য করার প্রসঙ্গে অখিল গিরির বক্তব্য, “আমি বলেছি কুণাল ঘোষের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভাল হয়েছে। তাই তাঁর পাড়ার পুজো দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। এতে কোনও বিতর্ক নেই।’’ আর তাঁর বিরুদ্ধে রাজ্যপালকে লেখা বিরোধী দলনেতার চিঠি প্রসঙ্গে কারামন্ত্রী বক্তব্য, ‘‘কে রাজ্যপালকে কী চিঠি দিয়েছেন, তা আমার জানা নেই। তাই সেই সব প্রসঙ্গে আমি কোনও জবাব দেব না”।

RELATED Articles