চলতি সপ্তাহেই শুরু শুভেন্দুর জেলা সফর, দেখা করতে পারেন মোদীর সঙ্গেও, ‘ভূমিপুত্রের মুখ্যমন্ত্রী’ নিয়েই কী আলোচনা?

সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এরমধ্যেই জোরকদমে কাজে লেগে পড়েছেন। অবশ্য বিজেপিতে অভিষেকের দিনই একথা স্পষ্ট করেছিলেন শুভেন্দু। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৬শে ডিসেম্বর থেকেই জেলা সফর শুরু করতে পারেন তিনি। আবার রাজনৈতিক মহলের অন্য একাংশের দাবী, জেলা সফরের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু।

অনেক জল্পনার পর অবশেষে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। এদিন রাতে শাহ্‌’র সঙ্গে বৈঠকে অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে হাজির ছিলেন শুভেন্দুও। জানা গিয়েছে, এই বৈঠকে শাহ সংগঠনের উপর জোর দেওয়ার কথা বলেন। একটি সংবাদমাধ্যমের কথা অনুযায়ী, বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে যে চলতি সপ্তাহ থেকেই জেলা পরিদর্শনের কাজে নেমে পড়বেন শুভেন্দু। তবে প্রথমেই ঠিক কোন কোন জেলায় যাবেন, তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির সংগঠনের উপর জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু একাধিক জেলার দায়িত্বে ছিলেন, তাই রাজ্যের বিভিন্ন জায়গা তাঁর খুব ভালমতো চেনা। কোন জায়গায় রাজনৈতিক পরিবেশ কেমন হতে পারে, তা তিনি খুব ভালো জানেন। এক্ষেত্রে নিজের সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাবেন শুভেন্দু, এমনটাই মনে করা হচ্ছে।

তবে এরই মাঝে গুঞ্জন উঠেছে, জেলা সফরের আগেই নাকি শুভেন্দু দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। মনে করা হয়েছিল অমিত শাহ্‌’র সঙ্গেই হয়ত তিনি দিল্লি যাবেন, কিন্তু তা হয়নি। এমনকি, রবিবার বোলপুরে রোড শো-এও শুভেন্দুর দেখা মেলেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলে শুভেন্দুর যে কতটা গুরুত্ব, তা বোঝাতেই সম্ভবত বিজেপিতে যোগদানের পরই মোদীর সঙ্গে তাঁর দেখা করানোর হিড়িক উঠেছে। তিবে এই দেখাতেই বাংলার ‘ভূমিপুত্রের মুখ্যমন্ত্রী’ হওয়া নিয়ে কোনও আলোচনা হবে কী না, এ বিষয়ে আলোকপাত করা যাচ্ছে না।

RELATED Articles