আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছেন তিনি। রাস্তায় নেমে আন্দোলন করছেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেও তাদের পাশে থেকেছেন। কিন্তু এরই মধ্যে নিজের ছবির প্রচার করায় ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ছবির প্রচার নিয়ে নিজের অবস্থান জানিয়ে নিন্দুকদের উপযুক্ত জবাব দিলেন তিনি।
তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকে প্রতিবাদ জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু কিরে রাস্তায় নেমে আন্দোলন, রাত জেগে বিক্ষোভ সমস্ত কর্মসূচিতেই সক্রিয়ভাবে দেখা গিয়েছে তাঁকে। এর পাশাপাশি নিজের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘টেক্কা’র প্রচার করেন তিনি সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই নেটিজেনরা রে রে করে তেড়ে আসে তাঁর দিকে। নেটিজেনদের দাবী, একদিকে আন্দোলনে তিনি জানাচ্ছেন তিনি উৎসবে ফিরছেন না, আর অন্যদিকে নিজের ছবির প্রচার করে দর্শককে বিনোদনে ফিরতে বার্তা দিচ্ছেন।
এবার এই নিয়ে মুখ খুলে স্বস্তিকা বললেন, “আমি পুজোয় রয়েছি, উৎসবে নেই”। অভিনেত্রীর কথায়, “আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয়, আরও দশটা মানুষের সংসারও চলে। তারা আমার ওপরেও নির্ভরশীল! আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সকলকে যেমন কাজ সামলে এই আন্দোলনে সাড়া দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই। আমরা যারা তিলোত্তমা তাদের নিজের তাগিদেও এ লড়াইয়ে সামিল হওয়া”।
স্বস্তিকার কথায়, “এই বার্তা সবার জন্যে, যারা ছোটো করছেন, বাকিদের যাঁরা আন্দোলনের পাশাপাশি ভাতের লড়াইটাও করছেন! পুজো না হয় একা করলেন, উৎসব সবাই মিলে করতে হয়। আমি পুজোয় আছি, উৎসবে নেই। আমি নেই, এ আমার একান্তই ব্যক্তিগত স্টান্স! আপনাদের তো বলিনি যে, থাকবেন কী থাকবেন না। আপনাদের ইচ্ছে হলে থাকবেন না হলে থাকবেন না। ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না। আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। আমি কাজের প্রতি ভালোবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকবো। দু’টোই করবো । এবং বেশ করবো। প্রতিবাদ করছি বলে কিছু মানুষ দেখলাম তার প্রতিবাদ করছেন। অদ্ভুত, এ প্রথম দেখলাম এমন। অসুবিধা নেই। আর কোন কৈফিয়তও আমি দেবো না। আন্দোলন দীর্ঘজীবি হউক”।
আরও পড়ুনঃ ‘সরকার কাকে রাখবে, কাকে বাদ দেবে সেটা ডাক্তাররা ঠিক করবে নাকি, এত জেদ কেন, যা বলবে তাই মানতে হবে নাকি’, জুনিয়র চিকিৎসকদের দাবীতে ক্ষুব্ধ মমতা
বলে রাখি, পুজোর সময় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ছবি ‘টেক্কা’। এই ছবি স্বস্তিকা, দেব ছাড়াও দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ছবির একটি পোস্টার মুক্তি পেয়েছে। সেই পোস্টারে সকলকেই দেখা যাচ্ছে। সেই পোস্টারই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেই কারণেই ট্রোলের মুখে পড়েন তিনি।





