রাজ্যের রাজনীতিতে ভোটের আগে দলবদল নতুন কিছু নয়। তবে যখন দলবদলকারী নেতার নাম উঠে আসে, তখন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সম্প্রতি রাজ্যে বিজেপির অন্দরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একের পর এক নেতার বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেওয়া ইতিমধ্যেই গেরুয়া শিবিরের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সেই তালিকায় এবার যোগ হল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের নাম। মাত্র কয়েকদিন আগেই তিনি নিজের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন, তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনাই সত্যি হলো।
আগামী বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুরে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এটি শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। একসময় তৃণমূলের দাপুটে নেতা হলেও, ২০২০ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর থেকেই পূর্ব মেদিনীপুর বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে জয়ী হয়ে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পান। কিন্তু সেই জেলারই এক বিধায়কের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কি শুভেন্দুর শক্তি কমিয়ে দেবে? এই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।
তাপসী মণ্ডল প্রথমে সিপিএম করতেন। ২০২১ সালের নির্বাচনের আগে তিনি দলবদল করে বিজেপিতে যোগ দেন। শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই এতদিন পরিচিত ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাপসীর। একাধিক দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি, গত মাসে হলদিয়ায় বিএমএস-এর একটি সভায় তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। সেখানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করেই কটাক্ষ করেছিলেন, কেউ কেউ নাকি দল ভাঙাচ্ছেন! তখনই পাল্টা জবাব দিয়েছিলেন তাপসী। আর তার ঠিক পরেই এই দলবদল ঘটল।
আরও পড়ুনঃ যাদবপুরে প্রবেশে বাধা, হাতজোড় করে কাকুতি-মিনতি ওমপ্রকাশ মিশ্রর!
সোমবার বিধানসভায় তাপসী মণ্ডলকে বিজেপির ঘরেই দেখা গিয়েছিল। কিন্তু বিকেলে তিনি সোজা তৃণমূল ভবনে পৌঁছান এবং আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তাঁর দলত্যাগ শুভেন্দু শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। কারণ, একদিকে লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফল, অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে দলের ভিতরে বিদ্রোহ—এই দুই সমস্যারই প্রতিফলন দেখা যাচ্ছে তাপসীর এই সিদ্ধান্তে।
তাপসীর দলবদলের পর তৃণমূলের বক্তব্য, বিজেপি নিজের নেতাদেরই ধরে রাখতে পারছে না। আর বিজেপির দাবি, তাপসী আগে থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আগামী বিধানসভা নির্বাচনের আগে তাপসীর দলবদল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে।





