সরস্বতী মন্ত্র শেখাতে গিয়ে সংস্কৃতের পিন্ডি চটকালেন! মুখ বিকৃত করে এত ভ্যাংচান কেন? মমতাকে প্রশ্ন তথাগত’র

ভোট ঘোষণা হয়ে গেছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলা সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে। আগামী ৩রা মার্চের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস বলে খবর।

কিন্তু নির্বাচন কমিশনের ভোট ঘোষণা নিয়ে যথেষ্ট বিরক্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যেখানে ২৪০ আসনের নির্বাচন একদিনে হচ্ছে সেখানেই বাংলায় ২৯৪ আসনের নির্বাচন হচ্ছে আট দফায়।

ভোটের চূড়ান্ত নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “কাকে সুবিধা করে দিতে এত দফা?” নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে বিজেপির যোগ সাজেশ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আর এবার এই ইস্যুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেতা তথাগত রায়।

টুইটে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন, মাত্র এক মহিলাকে ভয় পেয়ে এত লোক! তিনি কি নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছেন? সত্যি এবার তিনি একটু নার্ভাস, খিটখিটে হয়ে পড়েছেন। তাঁর মধ্যে ২০১৬ সালে সম্ভাব্য জয়ী হওয়ার যে আত্মবিশ্বাস দেখেছিলাম তা এখন দেখতে পাচ্ছি না।”

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাংলা ভাষাজ্ঞান নিয়ে কটাক্ষ করেন এই প্রবীণ বিজেপি নেতা। ‌বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীকে একটা কথা কেউ জানিয়ে দেবেন ? উনি যে ‘ভয় দেখানো’ অর্থে ‘চমকানো’ শব্দ ব্যবহার করেন এটা শিষ্ট বাংলা নয় । শিষ্ট বাংলায় ‘চমকানো’ অর্থ ‘আশ্চর্য করে দেওয়া’। যেমন, শিষ্ট বাংলায় ‘ধোলাই’ অর্থ ‘কাপড় কাচা’, অশিষ্ট বাংলায় ‘মারধর করা’।

কটাক্ষ করে তথাগত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল ইংরেজি, বাংলা, সংস্কৃত শুনে রাজ্যের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। সরস্বতীর মন্ত্রও ভুল উচ্চারণ করেছেন তিনি।

ভাষা সম্পর্কে বলতে গিয়ে তথাগতবাবু বলেন, “গরমেন্টের পোগাম সমানে চলেছে । তারপর সরস্বতী মন্ত্র শেখাতে গিয়ে ‘কুচযুশভুইতো’, দেবভাষা সংস্কৃতের পিন্ডি চটকে ফেললেন মাননীয়া ! আর একটা কথা । মুখ বিকৃত করে এত ভ্যাংচান কেন‌ও?”
প্রসঙ্গত উল্লেখ্য, ২৬শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচনের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফায় ভোট হবে ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল,চতুর্থ দফা ১০ এপ্রিল,পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট ২২ এপ্রিল, সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট ২৯ এপ্রিল। ২রা মে ফলপ্রকাশ।

RELATED Articles