WB Election 2021: “আইনশৃঙ্খলা কী রাজ্যের দায়িত্ব নয়”, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ রাজনাথের

বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে গতকালই। এবারের নির্বাচনে বাংলায় ঘাঁটি গড়তে ঝাঁপিয়ে পড়েছে পদ্ম শিবির। একের পর এক কেন্দ্রীয় নেতারা বাংলায় ভোট প্রচারে আসছেন। গতকালই রাজ্যে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন বালুরঘাটে  বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচীতে অংশ নেন তিনি।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে তুলোধোনা করেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, “মা-মাটি-মানুষের কোনও নিরাপত্তা নেই। প্রায় রোজই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে এই রাজ্যে। গত ৬-৭ বছরে আমাদের প্রায় ১৫০ কর্মী প্রাণ হারিয়েছেন। কয়েক হাজার কর্মী আহত হয়েছেন”। এরপরই মুখ্যমন্ত্রীর প্রতি তিনি প্রশ্ন রাখেন যে, “আইনশৃঙ্খলা কী রাজ্যের দায়িত্ব নয়?”

আরও পড়ুন- বাংলায় ফের ক্ষমতা গড়বে তৃণমূলই! পুরনো টুইট মনে করিয়ে ফের বিজেপিকে তীর পিকের

এদিন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়ো প্রশংসা করেন রাজনাথ সিং। মোদীকে তিনি ‘মজবুত প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করেন। বলেন, “আমি জানি না, দিদি পশ্চিমবঙ্গে জনধন অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছেন কী না। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, তিনি যদি গরীবদের জন্য ১০০ পয়সা পাঠান, তাহলে মানুষের কাছে পৌঁছয় ১৪ পয়সা। কিন্তু মানুষ যাতে সেই ১০০ পয়সাই পান, এই জনধন প্রকল্পের মাধ্যমে তা নিশ্চিত করেছেন মোদীজি”।

এদিন সভায় উপস্থিত জনগণকে আশ্বাস দিয়ে রাজনাথ সিং বলেন, বিজেপি ক্ষমতায় এলে ধর্ম বা জাতি নয়। ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সরকার গঠন হবে। তাঁর কথায়, সরকারের লক্ষ্য হবে, সবার জন্য ন্যায় । কাউকে তোষণ করে সরকার চলবে না বলেই আশ্বাস দেন তিনি। এরপর শাসকদলকে তোপ দেগে তিনি বলেন যে তৃণমূল মানুষের উপরে রাজনীতিকে স্থান দিয়েছে। সেই কারণে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কার্যকর হয় না।

আরও পড়ুন- ফের বিজেপির পরিবর্তন রথে হামলা, ভাঙচুর! ঘটনাকে ঘিরে উত্তপ্ত কাদাপাড়া, সন্দেহ শাসকদলের দিকে

গত সপ্তাহেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সপ্তাহেও রাজ্যে ভোট প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার গতকাল রাজ্যে ভোট প্রচারে এলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

RELATED Articles