এবারে গ্রামের এক দোকানে ঢুকে নিজেই চা বানাতে লেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই কান্ডে অবাক গ্রামবাসী থেকে শুরু করে তাঁর পরিষদেরাও। মূলত জনসংযোগ বাড়াতেই ওড়িশা লাগোয়া এক গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলার পরই হঠাৎ এই কান্ড ঘটিয়ে ফেলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীকে এমন অন্য মেজাজে দেখে স্বাভাবিকভাবেই অভিভূত গ্রামবাসীরা।
লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মুখ্যমন্ত্রী দলের সমস্ত নেতা নেত্রীদেরই বলেছেন ঘরে বসে না থেকে বাইরে বেড়িয়ে জনসংযোগ বাড়াতে। শুধু বলাই নয় তিনি নিজেও ইতিমধ্যেই এই কাজ শুরু করেছেন। দীঘা পরিদর্শনের পর এদিন তিনি পৌঁছান ওড়িশা লাগোয়া একটি গ্রাম দত্তপুরে। সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি৷ গ্রামবাসীদের অভাব, অভিযোগের কথাও যথেষ্ট মন দিয়ে শোনেন তিনি।
এরপরই সবাইকে অবাক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে যান একটি চা এর দোকানে এবং নিজেই চা বানাতে শুরু করেন৷ শুধু চা বানানোই নয়, নিজের হাতে চা বানিয়ে তিনি তা পরিবেশন করেন তাঁর সঙ্গে থাকা মন্ত্রী সাংসদদেরও৷ তিনি নিজেও সেই চা খান। মুখ্যমন্ত্রীর বানানো চা খেয়ে অভিভূত জানান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ প্রমুখরা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে লজেন্স এবং বস্ত্র বিতরণও করেন৷






