‘বিনামূল্যে চা খেয়ে যান’, রামের প্রতি ভক্তি, রামমন্দিরের উদ্বোধনে বড় উদ্যোগ নিলেন চা বিক্রেতা

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। রাত পেরোলেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন আগামীকাল, ২২ জানুয়ারি। অবশেষে নিজের স্থান ফিরে পেয়েছেন রামলালা। রামমন্দিরের উদ্বোধন নিয়ে খুবই আবেগপ্রবণ ভক্তরা। উচ্ছ্বাসের অন্ত নেই তাদের মধ্যে। এই রামমন্দিরের উদ্বোধনের দিনই এক বড় উদ্যোগ নিলেন এক চা বিক্রেতা।

কী উদ্যোগ নিলেন তিনি?

বালুরঘাট শহরের ডি মোড়ের চা ব্যবসায়ী হলেন মলয় সরকার ওরফে বিশু। এলাকায় তিনি রাম ভক্ত বলেই পরিচিত। আগামীকাল অর্থাৎ ২২ জানুয়ারি যখন একদিকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই সময় এই বালুরঘাট শহরের মানুষকে বিনামূল্যে চা-বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নিলেন এই বিশু।

কে এই বিশু?

শহরের নাইন জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি এই বিশুর। বিয়ে করেন নি তিনি। বাড়িতে রয়েছে ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাইঝি। সেখানেই খাওয়াদাওয়া করেন তিনি। শারীরিক সমস্যার কারণে ভালোভাবে কথা বলতে পারেন না বিশু। গত প্রায় ১৪-১৫ বছর ধরে এই এলাকায় চা বিক্রি করে আসছেন তিনি। যা আয় হয়, তা দিয়ে সংসার চলে যায় তাঁর। নিজের আয় দিয়ে আবার অনেক দুঃস্থ, অসহায় মানুষের পাশেও দাঁড়ান এই বিশু।

রামমন্দির যে উদ্বোধন হবে, তা বেশ কিছুদিন আগেই কানে গিয়েছে বিশুর। রামের প্রতি শ্রদ্ধা জানাতে তাই এক উদ্যোগ নিলেন এই চা বিক্রেতা। স্থির করেছেন, রামমন্দিরের উদ্বোধনের দিন সকাল থেকে রাত পর্যন্ত তাঁর দোকানের সব গ্রাহকদের বিনামূল্যে চা ও বিস্কুট খাওয়াবেন তিনি। একথা জানিয়ে আবার দোকানের সামনে ফ্লেক্সও লাগিয়েছেন বিশু। সেখানে জানিয়ে দিয়েছেন, “সবাই আসুন, চা খেয়ে যান, কোনও টাকা নেব না”।  

বিশুর এই উদ্যোগে খুশি স্থানীয়রাও

রামভক্ত বিশুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকায় লোকজনও। চা প্রেমীরা তাঁর এই কাজে বেশ খুশি। তাঁর দোকানেই রোজ চা খেতে আসেন, এমন এক ব্যক্তি জানালেন, “ও খুবই সাধারণ মানুষ। তাও এই উদ্যোগ নিয়েছে। খুব ভালো। ও মনে শান্তি পেল, এটাই আসল ব্যাপার। এতদিন পর রামমন্দির হচ্ছে, এটাই তো খুশির খবর”।   

RELATED Articles