কার কখন ভাগ্য বদলে যায়, তা বোঝা খুব মুশকিল। আজ যিনি রাজার হালে রয়েছেন, তিনিই হয়ত কাল ফকির হয়ে যাবেন। আবার দেখা গেল, যিনি ভিক্ষা করে জীবন নির্বাহ করেন, তিনিই কোনদিন রাজা হয়ে গেলেন। যেমনটা ভাগ্য ফিরল এক চা-ওয়ালার। ৩০ টাকাতেই কোটিপতি হয়ে গেলেন তিনি।
কে এই চা-ওয়ালা?
সূত্রের খবর, এই চা-ওয়ালার নাম অরুণ গড়াই। তিনি দুবরাজপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার বাসিন্দা। গত সোমবার সকালে হঠাৎই কোটিপতি হন তিনি। তাও আবার মাত্র ৩০ টাকাতেই। আর সেই খবর পাওয়ার পরই সটান থানায় ছুটলেন তিনি।
অরুণ গড়াই পেশায় একজন চা বিক্রেতা। দুবরাজপুর আদালতের সামনে একটি ছোটো চায়ের দোকান রয়েছে তাঁর। তাঁর দৈনিক রোজগার বলতে ৩০০-৪০০ টাকা। এর মধ্যে থেকে ১২০-১৩০ টাকার লটারির টিকিটই কেটে ফেলতেন তিনি। তা নিয়ে সংসারে অশান্তি হলেও তাঁর এই লটারির টিকিট কাটার নেশাই যে তাঁকে কোটিপতি করে দেবে, তা কী কেউ জানত!
গত সোমবার সকালেই অরুণবাবু খবর পান যে তিনি লটারিতে ১ কোটি টাকা জিতেছেন। তিনি বলেন, “আজ সকালে আমি ৩০ টাকার টিকিট ক্রয় করি। দুপুরে খবর পাই যে আমার কাটা লটারিতে ১ কোটি টাকা জিতেছি। আমি খুব খুশি”। তিনি আরও জানান, “আমার কাউন্সিলর ভাস্কর রুজকে নিয়ে থানার দ্বারস্থ হই”।
এই বিষয়ে কাউন্সিলর ভাস্কর রুজ জানান, “অরুণ গড়াই আমার ওয়ার্ডেরই বাসিন্দা। তিনি আমাকে লটারি জেতার খবর দেন। তাই আমি তাঁকে নিয়ে দুবরাজপুর থানায় এসেছি”।





