‘অনুপমের সঙ্গে মিশেছি, ও যদি আমাদের দলে আসতে চায়…” বিজেপি নেতার প্রশংসা তৃণমূলের কাজলের, রাজনীতিতে নতুন সমীকরণ?

বিগত কয়েকদিন ধরেই বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে চলছে চর্চা। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর ক্ষোভ বর্ষণ করেছেন তিনি। তাঁর নানান দল বিরোধী মন্তব্যের জন্য বেশ বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে আবার কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন অনুপম। আর এরপর থেকেই তাঁকে নিয়ে চর্চা আরও জোরালো হয়েছে।   

বঙ্গ বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন অনুপম। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য, সকলেই ছিলেন তাঁর নিশানায়। এর জেরে তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়। যদিও অনুপম সেই জল্পনায় জল ঢেলেছেন। কিন্তু তাও চর্চা কমছে না। এবার অনুপমকে নিয়ে মন্তব্য করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

কী বললেন কাজল শেখ?

অনুপমের বেশ প্রশংসাই করেন তিনি। এরই সঙ্গে বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা। বললেন, “অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে। ভালো ছেলে। ওঁর সঙ্গে আমি মিশেছি, তাই জানি। যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন। কিন্তু যে ভাল তাঁকে তো আর খারাপ বলতে পারব না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। গোটা দেশে বিজেপি মানুষের মধ্যে ধর্ম ও জাতের নামে বিভেদ করতে চাইছে। অনুপম হয়তো সেটা মেনে নিতে পারছে না। সেই কারণে সত্যিটা বলছেন”।

অনুপমের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে কাজল শেখ বলেন, “অনুপম যদি আমাদের দলে আসতে চায়, সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তাই সেই নিয়ে কোনও মন্তব্য করব না। তবে আমি বলতে চাই ওঁর শুভ বুদ্ধির উদয় হোক”।

তিনি আরও বলেন, “বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য যা করেছেন, যে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তার প্রতিবাদ করবে। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র ও অধ্যাপক হিসেবে অনুপমও প্রতিবাদ করেছেন। এই জন্য বললাম ও ভাল ছেলে। আমরা আলাদা দল করি, তাই আমাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। তৃণমূলে আসতে হলে আমার সঙ্গে যোগাযোগ করে কোনও লাভ নেই। রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। তবে তৃণমূলে এলে আমি তাঁকে স্বাগত জানাব”। যদিও তৃণমূল নেতার এহেন মন্তব্যের পর অনুপমের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

RELATED Articles