স্কুলের খুদে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার চুরি খোদ শিক্ষকের, হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা, তারপর…

স্কুলের মিড ডে মিলের চাল, ডাল, আলু, সবজি চুরি করার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। স্কুল পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের আলু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান ওই শিক্ষক। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক ও গ্রামবাসীরা।

এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার গাড়াপোতা কমলা পুর প্রাইমারি স্কুলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম প্রণবচন্দ্র দে। বেশ অনেকদিন ধরেই ওই স্কুলে শিক্ষকতা করছেন তিনি। ঘটনাটি ঘটে গতকাল, বৃহস্পতিবার।

কী ঘটেছিল এদিন?

স্থানীয় বাসিন্দাদের কথায়, এদিন দুপুরের দিকে স্কুল থেকে মিড ডে মিলের জন্য বরাদ্দ আলু চুরি করে তা নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওই শিক্ষক। সেই সময় তাঁকে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপরই শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত বাসিন্দা ও অভিভাবকরা।

তাদের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও স্কুল থেকে এমন অনেক জিনিস চুরি করেছেন। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েতের এক সদস্যা। বাসিন্দাদের দাবী, ওই শিক্ষকের পিছনে শাসক দলের অনেকের মদত রয়েছে।

শিক্ষককে ঘিরে এদিন দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপর সেখানে আসে বনগাঁ থানার পুলিশ। শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে অভিযুক্ত ওই শিক্ষক নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

আরও অন্যান্য খবর