‘তৃণমূল যদি মারতে আসে তাহলে ছেড়ে দেবেন না, পাল্টা মার দিন। কেস দিলে জামিন করিয়ে নিয়ে আসব’। গতকাল, বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার দলীয় জনসভায় এভাবেই হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্যজুড়ে ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। রাজ্যের ৩৪২টি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে তুলসিমঞ্চের মাটি নিয়ে তা দিল্লিতে গিয়ে একটি বাগানে মিশিয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।
সেই কর্মসূচির কারণেই বৃহস্পতিবার কাটোয়া গিয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রথমেই এদিন তিনি যান কাটোয়ার বিজেপি নেতা তথা প্রাক্তন পুরচেয়ারম্যান অমর রামের বাড়ি। সেখান থেকে তিনি যান সিঙ্গি গ্রামে। তার আগে দলের কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও সারেন তিনি।
এরপর কাটোয়াড় ২০ নম্বর ওয়ার্ডে ঘুরে এদিন সন্ধ্যায় পানুহাট এক দলীয় জনসভায় যোগ দেন সুকান্ত মজুমদার। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল ও অন্যান্য বিজেপি নেতারা। এই দলীয় জনসভা থেকেই হুঙ্কার শানান সুকান্ত মজুমদার।
এদিন কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?
এদিনের এই জনসভা থেকে সুকান্ত মজুমদার হুঙ্কার দিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস যদি মারতে আসে তাহলে পালটা মার দিন। পালটা মার না দিয়ে ফিরে আসবেন না। কেস দিলে হাই কোর্ট থেকে আমাদের ছেলেদের জামিন করিয়ে নিয়ে আসব। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আমরা অনেক সহ্য করেছি। অনেক হয়েছে। আর মার খাবেন না। পাল্টা মার দিয়ে আসবেন। আপনার বাড়িতে আমি পৌঁছাব”।






