আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেটাই সত্যি হল। আরও এক উষ্ণ বড়দিন বঙ্গে। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। এর সঙ্গে তো কুয়াশার দাপট রয়েছেই। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকবে, এমনটাই জানাল হাওয়া অফিস।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যে এমনই আবহাওয়া থাকবে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কিন্তু কেন আবহাওয়ার এমন হাল?
গত সপ্তাহে শীতের বেশ কনকনানি ছিল বঙ্গে। কিন্তু বড়দিনে এসেই তা গায়েব। আবহাওয়াবিদদের মতে, এর অন্যতম কারণ বাতাসে জলীয় বাস্পের বাড়বাড়ন্ত। উত্তরের শুকনো হাওয়া প্রবেশ করলে ঠান্ডা বাড়ে। কিন্তু সেই উত্তুরে হাওয়ার প্রবেশে বাধার পাচ্ছে। বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে বাংলায় জলীয় বাস্পের উপস্থিতি বেড়েছে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারনেও বাধা পাচ্ছে শীত। এর জেরেই বড়দিনে শীতের আমেজ তেমন নেই বঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের নানান জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বাড়বে। বৃহস্পতিবার আবার সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতও হতে পারে বলে জানা গিয়েছে।
আবার পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকাতেও কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমবে বলে খবর। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এসবের মধ্যে এখন বঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন যে বাংলায় ফের কবে শীত ফিরবে? বা আদৌ কী এই মরশুমে আর শীত থাকবে?





