বড়দিনের আগেই বাড়ল তাপমাত্রা, ঠাণ্ডা উধাও বঙ্গে, শীতকে চুরি করল কে?

ডিসেম্বর পড়তেই বেশ ভালোই ইনিংস শুরু করেছিল শীত। ধীরে ধীরে দারুণ শীতের আমেজ উপভোগ করছিল বঙ্গবাসী। দার্জিলিংয়ে তুষারপাতও হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকমাস। কিন্তু বড়দিনে আসতেই মুখ থুবড়ে পড়ল শীত। কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। অর্থাৎ ক্রিসমাসে বিশেষ করে দক্ষিণবঙ্গে তো তেমনভাবে মিলছে না শীতের আমেজ।  

বড়দিনের আগেই শীতের শেষ। রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেল। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। একধাক্কায় অনেকটাই তফাৎ হয়েছে তাপমাত্রার। জেলার তাপমাত্রাও ১৪ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

কিন্তু শীতটা চুরি করল কে?

আলিপুর আবহাওয়া দফতর এর জন্য দায়ী করছে পশ্চিমী ঝঞ্ঝাকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বঙ্গে শীতের স্পেলে সাময়িক বিরতি। সাগরের জলীয় বাষ্প ঢুকতেই কোণঠাসা শীত। তবে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার। দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও খুব সামান্য প্রভাব পড়তে পারে। আবার বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের প্রভাব। এর জেরে সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে ফের।

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। আগামী দু-তিনদিনে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানাল হাওয়া অফিস। কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে রাজ্যে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, রাতের তাপমাত্রা বাড়বে। উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব কমে গিয়ে বাড়বে পূবালী হাওয়ার প্রভাব।  

অন্যদিকে আবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। কোচবিহারে কুয়াশার বেশি সম্ভাবনা রিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles