বঙ্গ থেকে শীত প্রায় বিদায় নেওয়ার পথেই। জাঁকিয়ে শীত পড়া তো দূর, শীতের আমেজটাই যেন নেই দক্ষিণবঙ্গে। ঠাণ্ডা ধীরে ধীরে কমছে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গোটা সপ্তাহ ধরেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। আবহাওয়া দফতরের কথায়, খুব শীঘ্র শীত বিদায় নিয়ে গরম পড়বে রাজ্যে।
আজ, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশ। সকাল থেকেই শীতের আমেজটা ঠিক নেই। আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শহরে রীতিমতো তাপমাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা উপরে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে আবার উত্তর-পশ্চিম ভারতে এই মুহূর্তে একই পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। পাকিস্তান ও আফগানিস্তানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বলে খবর। এর পাশাপাশি আবার বঙ্গোপসাগরের উপরেও একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
এই ঘূর্ণাবর্তের ফলে উত্তুরে হাওয়া বাধা পাবে। সমুদ্রের দিক থেকেই মূলত হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গে। এর জেরে উত্তরবঙ্গে তুলনামূলক ঠাণ্ডা থাকলেও, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশিই থাকবে বলে জানা যাচ্ছে।
আগামী মঙ্গলবার ও বুধবার জম্মু ও কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। শিলাবৃষ্টির জেরেও উত্তর-পশ্চিম ভারত বিপর্যস্ত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।





