দশমীর সন্ধ্যায় পাগল কুকুরের তাণ্ডব, বিজয়ার দিন কুকুরের কামড়ে জখম ৪০, ছুটি ভুলে ছুটলেন চিকিৎসক

বিজয়া দশমীর সন্ধ্যায় রাস্তায় এমনিই ভিড় ছিল। ঠাকুর নিরঞ্জনের জন্য রাস্তায় ভিড় জমিয়েছিলেন মানুষজন। এরই মধ্যে তাণ্ডব দেখা যায় এক পাগল কুকুরের। কুকুরের কামড়ের জেরে আক্রান্ত কমপক্ষে ৪০ জন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

কী ঘটেছিল ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর বালিগড়ি ১ ও ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায়। দশমীর সন্ধ্যায় স্বাভাবিকভাবেই বেশ ভিড় ছিল এলাকায়। প্রতিমা দর্শনের ভিড় তো কোথাও আবার প্রতিমা নিরঞ্জনের। এরই মাঝে হঠাৎ করেই ওই এলাকায় শুরু হয় এক তাণ্ডব।

আচমকাই দেখা যায়, একের পর এক এলাকাবাসীর উপর চড়াও হচ্ছে এক কুকুর। কমপক্ষে ৪০ জনকে আক্রমণ করে সে। সামনে যাকে পেয়েছে, তাঁকেই কামড়ে, আছড়ে দিয়েছে। বাদ যায়নি বাচ্চা, বুড়ো কেউই। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

আক্রান্তদের তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। সেখানকার চিকিৎসকরা ছুটিতে থাকলেও, এমন ঘটনা জানার পর ছুটে আসেন তারা। শুরু হয় চিকিৎসা। বর্তমানে আক্রান্তরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল ও কলকাতার একটি হাসপাতালে ভর্তি।

এই ঘটনায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডঃ শুভঙ্কর ঘোষ জানান, গতকাল, মঙ্গলবার দুপুর তিনটের পর থেকে একের পর এক স্থানীয় মানুষ হাজির হন হাসপাতালে। সকলেই কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। অন্তত ৪০ জনকে ইতিমধ্যেই চিকিৎসা করা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

RELATED Articles