বুধবার সকালে মৃদু ঠান্ডা হাওয়া বইছে, আবহাওয়া মনোরম। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বেলা বাড়তেই গরম অনুভূত হবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে আগামী দুদিন হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বুধবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার পর্যন্ত খুব সামান্য কমতে পারে তাপমাত্রা। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গেই বাড়বে গরম। শুক্রবারের পর ফের তাপমাত্রা চড়বে। রাজ্য জুড়ে পরিস্কার আকাশ, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী দুদিন উত্তর পশ্চিমের হাওয়া বইবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, ছত্রিশগড় এবং ওড়িশাতে ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। যার প্রভাব পড়ছে বাংলাতে। পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সিকিম ও অরুণাচল প্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ , উত্তরাখন্ডে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাত হতে পারে। দক্ষিণ ভারতে তামিলনাড়ু ও কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।





