বৃষ্টির ইনিংস শেষ, দক্ষিণে বাড়বে ভ্যাপসা গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষা পড়লেও দক্ষিণবঙ্গে সেরকম একটানা বৃষ্টির দেখা নেই। গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বটে তবে আপাতত আর ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপু আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে প্রবল বৃষ্টি হতে পারে বলে খবর। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

পার্বত্য এলাকার জেলাগুলিতেও দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন-চারদিন তুলনামূলক অনেকটাই কম থাকবে বৃষ্টির পরিমাণ।

গতকাল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ। হাওয়া অফিস সূত্রে খবর, জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আর কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

জানা গিয়েছে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জম্মু-কাশ্মীর, মুজাফফরনগর-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। সোমবারের পর বিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী তিন দিন ভারী বৃষ্টি চলতে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্য যেমন অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরেও।

আরও অন্যান্য খবর