ফের রেষারেষির জের! রবিবার ভোরে নিউটাউনে ৩ গাড়ি ও ১ বাইকে পরপর ধাক্কা চারচাকা গাড়ির, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৬ গাড়ি

ফের রেষারেষির জেরে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার ভোর ৫টা নাগাদ নিউটাউনের প্যাঁচার মোড়ের সিগন্যালে ঘটে এই দুর্ঘটনাটি। সংঘর্ষের জেরে গুরুতর জখম বাইক আরোহী-সহ তিনজন। ঘটনার জেরে যান চলাচল থেমে যায় ওই রাস্তায়।

দুর্ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় ইকো পার্ক ও নিউটাউন ট্র্যাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে চিনার পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই গাড়ি রেষারেষির জেরে চারজন চালককে আটক করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করে ইকো পার্ক থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে খবর, রেষারেষি করতে গিয়ে প্যাঁচার মোড়ের সিগন্যালে পরপর গাড়ি ও একটি বাইকের পিছনে ধাক্কা মারে একটি লাল রঙের চারচাকা গাড়ি। এর জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বাইকটি। চারচাকা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময় পণ্যবাহী একটি মিনি ট্রাক নিউটাউন বিশ্ববাংলা গেটের দিক থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল। সেই সময় দু’টি চারচাকা গাড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে দ্রুত গতিতে ছুটে আসছিল।

দুটি গাড়ির মধ্যে একটি গাড়ির চালক নিউটাউনে প্যাঁচার মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। এর জেরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি। সিগন্যালে দাঁড়ানো তিনটি গাড়িতেও পরপর ধাক্কা মারে ওই চারচাকা গাড়িটি।

পুলিশ সূত্রে খবর,সব মিলিয়ে মোট ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এই দুর্ঘটনার কারণে বেশ কিছু সময়ের জন্য চিনার পার্ক গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর জেরে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। তবে কিছু সময় পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল।

RELATED Articles