বাংলায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতে আর হাতে মাত্র তিন দিন। আর তার মধ্যেই বাংলায় বিধানসভা ভোটের শঙ্খ বাজিয়ে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী।
আজ শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছেছে দুই কোম্পানি সিআইএসএফ কর্মী। তাঁদের পাঠানো হবে বাঁকুড়া ও বীরভূমে।
জানা গিয়েছে, চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে l
এবার চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবাংলার উত্তপ্ত ভোটের আবহে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে-
এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার মতো স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী, ৯ কোম্পানি করে। ৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে শিলিগুড়িতে।
হুগলি ও হাওড়ায় থাকবে ৪ কোম্পানি করে বাহিনী। ৫কোম্পানি করে থাকবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বারাকপুর, চন্দননগর, মালদহ, মুর্শিদাবাদে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, কৃষ্ণনগর, কলকাতা, বারাসত, পূ্র্ব বর্ধমান, বাঁকুড়ায় থাকবে তিন কোম্পানি করে।
২ কোম্পানি করে বাহিনী মোতায়েন হবে সুন্দরবন, ডায়মন্ড হারবার, বারুইপুর, বিধাননগর, বসিরহাট, বনগাঁ, হাওড়া গ্রামীণ, রানাঘাট, জঙ্গিপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, আলিপুরদুয়ারে।
প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্যবারের তুলনায় বাংলায় এবারে সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। চ্যালেঞ্জও এই ক্ষেত্রে বিশাল বড়। তা এক বাক্যে মেনে নিচ্ছেন দিল্লি নির্বাচন কমিশনের কর্তারা। কোনওরকম ভুলচুক হলে যেকোনও সরকারি পদাধিকারীকে বরখাস্ত করতে দুবার ভাববে না নির্বাচন কমিশন। বঙ্গ সফরে এসে নির্বাচন কমিশনের কর্তারা জানিয়েছিলেন, নিয়ম মেনেই বাহিনী মোতায়েন করা হবে। ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে।






