ফের ভারত সীমান্তে অনুপ্রবেশ লাল ফৌজের! তবে এবার সেনা পোশাকে নয়, একেবারে সাধারণ পোশাকেই লাদাখের ছাংতাং গ্রামে ঢুকে পড়ে একদল চীনা জওয়ান।
সেই সময় ওই এলাকায় যে সমস্ত স্থানীয়রা গবাদিপশু চড়াচ্ছিল তাঁদেরও বাধা দেয় ড্রাগনরা।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ রবিবার দু’টি গাড়িতে বেশ কিছু যন্ত্রপাতি, সরঞ্জাম নিয়ে লেহ–র ১৪০ কিলোমিটার দূরে রিপা ভ্যালিতে ঢুকে পড়ে লালফৌজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১৪ হাজার ফুট ওপরে লেহ–র ওই অঞ্চলটি পুরোটাই ভারতের নিয়ন্ত্রণাধীন। বিনা অনুমতিতেই সেখানে সাধারণ পোশাকে প্রবেশ করে চীনের সেনা। এরপর স্থানীয় পশুপালকদের গবাদি পশু চড়াতেও বাধা দিতে থাকেন।
তবে শেষপর্যন্ত স্থানীয়রা সঙ্গবদ্ধ হয়ে তাঁদের বিরোধিতা করেন। অতি সত্ত্বর ঘটনাস্থলে পৌঁছন আইটিবিপি জওয়ানরাও। শেষ পর্যন্ত চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয় চীনারা।
এই ঘটনার পর ইতিমধ্যে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
চলতি বছরে বারবার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে চীন। লাদাখে প্যাংগং লেক বরাবর এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে তারা। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়ায় দুই দেশের জওয়ানরা।
কালকের ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত সরকারিভাবে সেনার তরফে কিছু জানানো হয়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মুখ খোলেননি কোনও আধিকারিক।





