আজ, বুধবার ছিল নারদ মামলায় শুনানির দিন। দুপুর থেকে টানা আড়াই ঘণ্টা কলকাতা হাইকোর্টে চলে শুনানি। কিন্তু এরপরও স্বস্তি মিলল না চার নেতামন্ত্রীর। ফের এই মামলার শুনানি হবে আগামীকাল, বৃহস্পতিবার। অর্থাৎ, চার অভিযুক্তদের আজ রাতেও জেলেই কাটাতে হবে।
এদিন কোর্টে ধৃতদের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। অন্যদিকে, সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেটা। আর রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
এদিন নারদ মামলায় মূলত দুটি বিষয় নিয়ে সওয়াল-জবাব হয়। এক, এই মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এদিন জামিন পাবেন কী না।
আর দুই, সিবিআইয়ের অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক বিচারব্যবস্থা ও তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং তা জনসমক্ষেই হয়েছে। বাংলায় সুষ্ঠু বিচারের পরিস্থিতি নেই, আইনশৃঙ্খলা নেই। এই কারণে সিবিআই দাবী করে এই এই মামলায় তদন্ত ও শুনানি যেন অন্য রাজ্যে হয়।





