গত ২০শে অক্টোবর সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি করার জন্য ডিটেনশন ক্যাম্প করতে এলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। বর্তমানে তাদের দাবি যে বনগাঁ ও নিউটাউনে ডিটেনশন ক্যাম্প তৈরীর জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে চলেছে। এই কারণে সেই জমি ঘেরাও করতে চলেছে সিপিআই(এম) তথা একাধিক বামপন্থী দলগুলো।
রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরীর জন্য জমি যাতে না দেওয়া হয় বা দেওয়া হয়ে থাকলেও তা যেনো বাতিল করা হয় সেই দাবিতে আগামী ১৬ ই ডিসেম্বর বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত নিউটাউন এবং বনগাঁতে সিপিআই(এম) তথা বামপন্থী দলগুলোর নেতৃত্বে জমায়েত এবং ডেপুটেশন জমা দেওয়ার ডাক দেওয়া হয়েছে। দলগুলোর তরফে এই কথা জানিয়েছেন উত্তর ২৪ পরগণার সিপিআইএমের জেলা সম্পাদক মৃনাল চক্রবর্তী। তিনি বনগাঁ-এ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, লোকসভায় পাশ হয়ে গিয়েছে সিএবি বিল, যার তীব্র বিরোধিতা করে বামপন্থী দলগুলোর নেতৃত্বরা জানিয়েছেন যে তারা নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে নন কিন্তু ধর্মের ভিত্তিতে মেরুকরণের যে রাজনীতি বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে তাঁরা সোচ্চার হবেনই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধিতা করেছেন এনআরসির।
বাম নেতৃত্বের আরও অভিযোগ যে, রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে যে বনগাঁ এবং নিউটাউনে যে জমি দেওয়া হচ্ছে তা বিদেশী নাগরিকদের রাখার জন্য জেলখানা। কিন্তু ইতিমধ্যেই বিদেশীদের রাখার জন্য রাজ্যে যথেষ্ট পরিমাণে জেলের ব্যবস্থা রয়েছে। তাই বাম নেতৃত্বের দাবি যে, বিদেশী নাগরিকদের জেলখানার নামে আসলে বনগাঁ এবং নিউটাউনে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। তাই এই ডিটেনশন ক্যাম্প তৈরি আটকাতেই আগামীকাল পথে নামতে চলেছে বামেরা। যদিও এই ডিটেনশন ক্যাম্প তৈরী করার দাবি অস্বীকার করেছে রাজ্য প্রশাসন।





