ব্রিগেডে ঘটবে নতুন ইতিহাস! জনগর্জন সভা থেকেই বিশেষ এক চমক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রেডি তো সকলে?

আজ রবিবার ব্রিগেডে হাইভোল্টেজ সভা তৃণমূলের। ৩২ বছর আগে এই ব্রিগেডের ময়দান থেকেই সমাবেশের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্য সংগঠনের নেত্রী ছিলেন তিনি। ৩২ বছর আগে এক ইতিহাস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ ব্রিগেডের সভায় ফের তৈরি হবে আরও এক নতুন ইতিহাসের।

রবিবারের ব্রিগেডকে পূর্ব ভারতের সবথেকে বড় জনসমাগম করার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। শুধুমাত্র বাংলা নয়, অন্যান্য রাজ্যের নানান নেতানেত্রীরাও এদিন যোগ দিচ্ছেন এই ব্রিগেডে। অনুমান, এই ব্রিগেড থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃণমূলকে করা সমস্ত আক্রমণের জবাব দেবে ঘাসফুল শিবির।

এদিনের এই জনগর্জন সভায় যে লোকসভা নির্বাচনের কৌশল প্রচার করা হবে, তা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনের জন্য কী কী কর্মসূচি নেওয়া হবে, কী স্লোগান নিয়ে মানুষের দুয়ারে পৌঁছতে হবে, এ সবকিছুর বার্তা এদিনের এই সমাবেশ থেকেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের ব্রিগেডে এক অন্য চমক অপেক্ষা করছে সকলের জন্য।

কী সেই চমক?

এদিনের এই জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। সূত্রের খবর, এদিন ৪২টি আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে ব্রিগেডের ময়দান থেকে। এমন ঘটনা বঙ্গের রাজনীতিতে প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায়ই সামনে আনবেন সেই তালিকা।  

সাধারণত, কালীঘাটে দলীয় দফতরে সাংবাদিক বৈঠকের মাধ্যমেই  প্রার্থী তালিকা প্রকাশ করে থাকেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিনক্ষণ ঘোষণার দিন বা দু-একদিনের আগেপরে ঘোষণা হয় প্রার্থীদের নাম। তবে এবার সেই দুটি রীতিতেই পড়ল ছেদ। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এর আগেই ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল।

জানা গিয়েছে, দলের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী তালিকা ঠিক করা হয়েছে। এই তালিকায় নবীন ও মহিলা মুখের দেখা মিলবে বেশ ভালোভাবেই। বেশ কিছু আসনে চমকে দেওয়ার মতো কিছু নাম থাকতে পারে। কেউ কেউ আবার নিজেদের পুরনো আসন থেকেই লড়বেন, এমনটাই খবর তৃণমূল সূত্রে। ঘাসফুল শিবিরের এই প্রার্থী তালিকার অপেক্ষায় এখন সকলে।

RELATED Articles