রাজ্যে মিড ডে মিল নিয়ে অনেক অভিযোগই উঠেছে। মিড ডে মিলের খাবারে নানান পোকা, সাপ, টিকটিকি, পড়ে থাকার ঘটনা নেহাতই কম নয়। এর সঙ্গে মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো রয়েছেই। তবে এবার এল এক অন্য অভিযোগ। মিড ডে মিলের রান্নার সামগ্রীই চুরি করে পালাল চোর। খুদেদের মুখের খাবার কেড়ে নেওয়া হল।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-১ ব্লকের লক্ষ্মীপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচক প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, আজ, বুধবার সকালে স্কুলে এসে রাঁধুনিরা দেখেন যে রান্নাঘরের তালা খোলা। ভেতরে ঢুকতেই মাথায় হাত পড়ে যায় তাদের। তারা দেখেন রান্নাঘরে চাল-ডাল ছড়ানো আর চাল-ডাল কিছুই অবশিষ্ট নেই। এমনকি, রান্না করার সামগ্রীও চুরি হয়ে গিয়েছে।
শিক্ষকদের খবর দেন রাঁধুনিরা। একথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। প্রশাসনিক মহলেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে বা কারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। তবে দোষীদের শাস্তির দাবী তুলেছেন অভিভাবকরা।
কী জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা?
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শিবানী নায়ক জানান, এদিন সকালে তিনি স্কুলে এসে দেখেন স্কুলের রান্নাঘর ও অফিস ঘরের তালা খোলা রয়েছে। চাল-ডাল-তেল মশলা সবকিছু চুরি গিয়েছে বলে জানান তিনি। এমনকি চুরি গিয়েছে তিনটি কড়াই ও দুটি হাঁড়ি ও রান্নার অন্যান্য জিনিসপত্রও।
সমস্ত সামগ্রী এভাবে চুরি হয়ে যাওয়ার কারণে এদিন দুপুরে রান্না হয় না মিড ডে মিল। ফলে খাবার না পেয়েই বাড়ি ফিরে যেতে হয় পড়ুয়াদের। স্কুলে এসে অন্যান্য দিনের মতো পড়াশোনা করলেও খালি পকেটেই ফিরতে হয় খুদেদের। এই চুরির বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।





