পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীর উপর চলল হামলা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় টিটাগড় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ পদস্থ পুলিশ আধিকারিকরা।
সূত্রের খবর অনুযায়ী, আজ, মঙ্গলবার বিকেলে একটি পার্ক উদ্বোধন করতে টিটাগড়ে যান তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। সেই সময় এলাকার কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে ও ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ। রাজের উপর হামলার চেষ্টা করা হয়।
কোনওমতে তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিধায়কের এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। ব্যারাকপুরের পুলিশ কমিশনারও সেখানে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।
এদিন টিটাগড় বড় মসজিদের কাছে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ চক্রবর্তী। সেখান থেকে অন্য একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই রাজের উপর হামলা অভিযোগ উঠল। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান পরিচালক-বিধায়ক।





