মে মাসের মাঝামাঝি সময়েও তাপপ্রবাহের দাপট যেনো রেহাই দিচ্ছে না বাংলার মানুষকে। দুপুরের কড়া রোদ, হাঁসফাঁস গরমের মধ্যে হঠাৎই মাথার উপর ভর করে কালো মেঘ। কখনও সন্ধে নামার আগেই শুরু হচ্ছে বৃষ্টির খেলা, কখনও বা রাতে বাজ পড়ে কেঁপে উঠছে শহর। এই আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই দিশেহারা। অফিসফেরতা মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া, প্রত্যেকেই এখন সকালেই ছাতা নিয়ে বেরোচ্ছে — যদি হঠাৎ ঝড় নেমে আসে!
শুধু শহরবাসী নয়, এই অসম সময়ে বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় পড়েছেন গ্রামবাংলার কৃষক সমাজও। মাঠে আমন বীজ বপনের প্রস্তুতি শুরু হলেও এই প্রবল দমকা হাওয়া আর বজ্রপাত যদি চলতেই থাকে, তাহলে ফসল মার খাওয়ার আশঙ্কা প্রবল। আগেই ফসলহানির ধাক্কা সামলাতে না পারা বহু কৃষক এই দুর্যোগের খবরে কার্যত অসহায় বোধ করছেন। অন্যদিকে ঘরবন্দি হয়ে পড়ছেন হকার-ব্যবসায়ীরাও, যারা দিন আনে দিন খায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানানো হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণবঙ্গেও পরিস্থিতি গুরুতর হতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০-৬০ কিমির বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর দফতর এই ছয় জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে।
আরও পড়ুনঃ Astrology : ভাগ্যের দরজা খুলবে ফলহারিণী কালীপুজোর দিনে! ৪ রাশির জাতকদের জন্য আসছে দুর্দান্ত সুখবর!
কলকাতার আকাশও মেঘলা। বুধবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তা নেমে এসেছে ২২.৪ ডিগ্রিতে — প্রায় ৫ ডিগ্রি কম! দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ৩৬.৩ ডিগ্রি থেকে সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঝড়বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামা চলবে অন্তত শুক্রবার পর্যন্ত। এমনকি বিক্ষিপ্তভাবে আগামী রবি-সোমবার পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আলিপুর।





