১০৮টি পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের, দলনেত্রীর নির্দেশ পেলেই দু’দিনের মধ্যেই প্রকাশ হবে প্রার্থীদের নাম

আগামী ২৭শে ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোট হবে। আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথাই জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০৮টি পুরসভায় প্রার্থী স্থির করে ফেলেছে তৃণমূল। এরপরই তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মিললেই আগামী দু’দিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ করবেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, বেশিরভাগ জেলার ক্ষেত্রেই প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে দু-একটি ক্ষেত্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো বাকি। বিধায়করা ব্লক সভাপতিদের সঙ্গে আলোচনা করে একটি তালিকা পেশ করেছেন। আবার জেলা নেতৃত্বও শীর্ষ নেতৃত্বের কাছে একটি তালিকা পাঠিয়েছে। এই তালিকা বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রার্থী তালিকা নিয়ে যাতে কারোর মধ্যে কোনও অসন্তোষ তৈরি না হয়, দল যে একটাই, প্রতীক যে কেবল ঘাসফুল-তা আগেই কর্মীদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন সুপ্রিমো। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে বলেছেন, “দল একটাই – তৃণমূল। মাথায় থাকবে? দল ছাড়া কিছু নেই। দল একটাই – তৃণমূল, চিহ্নটা জোড়াফুল”।

উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার ১০৮টি পুরসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আজ থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ই ফেব্রুয়ারি। এরপর স্ক্রুটিনি হবে আগামী ১০ই ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ তারিখ ফেব্রুয়ারি। সাউথ দমদমের ২৯ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে হবে নির্বাচন।  তবে এখনও পর্যন্ত গণনার দিন জানায়নি কমিশন।

বৃহস্পতিবার থেকেই রাজ্যে জারি হয়ে যাবে নির্বাচন আচরণবিধি। মেনে চলতে হবে করোনা বিধিনিষেধ। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা হয়েছে। ১লা জানুয়ারি ২০২২-এর ভোটার তালিকা মেনেই হবে ভোট। কমিশন জানিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED Articles