রাজ্যের উন্নয়নের স্বার্থে নানান ভাতা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে সেই ভাতায় কত মানুষ আদৌ টাকা পাচ্ছেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরাই পাচ্ছেন না বেতন। এই নিয়ে এবার বিক্ষোভ দেখালেন কর্মীরা।
দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। এই নিয়ে একাধিকবার অভিযোগও জানিয়েছেন তারা। তবে এবার শেষ পর্যন্ত উপায় না দেখে অবস্থান বিক্ষোভ দেখালেন কর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাস্তার উপর বসেই বিক্ষোভ কর্মীদের।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চুক্তিবদ্ধ কর্মীদের দীর্ঘদিন ধরে কোনও বেতন দিচ্ছে না কোম্পানি। এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করলেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তারা। কর্মীরা জানান যে গত এপিল মাস থেকে বেতন পাচ্ছেন না তারা। শুধু তাই-ই নয়, গত দু’বছর ধরে পিএফ ও ইএসআই-এর সুবিধাও পান না তারা।
দীর্ঘদিন ধরে সহ্য করার পর আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন কর্মীরা। কিন্তু এতগুলো মাস যে বেতন পান নি তারা, তাহলে সংসার চলছে কীভাবে? কেউ কেউ জানান যেটুকু জমানো সঞ্চয় ছিল, তা দিয়ে এতদিন টেনেছেন। কেউ কেউ আবার পরিবারের গয়নাগাটি বিক্রি করে সংসার চালিয়েছেন। তাদের কথায়, এবার বেতন না পেলে আত্মহত্যা ছাড়া আর উপায় নেই তাদের।
কিন্তু কেন মিলছে না বেতন? কী কারণ? কী বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
কর্মীরা জানান তারা বেতন না পাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে সেখান থেকে জানানো হয় যে তারা নাকি বেতনের সমস্ত বিল দিয়ে দিয়েছেন। কিন্তু এদিকে চুক্তিবদ্ধ কোম্পানির দাবী, বিশ্ববিদ্যালয় থেকে কোনও বিল পাশ করানো হয়নি। এইভাবে একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও একবার কোম্পানির কাছে ঘুরে যাচ্ছেন কর্মীরা, অভিযোগ তাদের। এই সমস্যার সমাধান আদৌ কবে মিলবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে যথেষ্ট।





