যা খেলা শুরু করেছেন শুভেন্দু অধিকারী তাতে করে আর তাঁর পরিবারের উপর ভরসা রাখতে পারছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাই শিশিরবাবুর ওপর দায়িত্ব ছেড়েও নিশ্চিন্ত না হতে পেরে তড়িঘড়ি পূর্ব মেদিনীপুরের সংগঠন বদল করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধেবেলা দলীয় বৈঠকে সংগঠন বদল করার এই গুরু দায়িত্ব কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীর উপরই ন্যাস্ত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু-পিতা শিশির অধিকারীর কাজের অপেক্ষা না করে শনিবার সকালেই কালীঘাট থেকে নতুন নেতাদের দায়িত্ব দিয়ে সাংগঠনিক বদলের কথা জানানো হল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, বিশেষ রাজনৈতিক শিশিরবাবু সুযোগ্য পুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমানে তৃণমূল নেতৃত্বের সাপে-নেউলে সম্পর্ক। কিন্তু একদা এই শুভেন্দুর সাহায্যেই বাংলার মসনদে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগ এবং অন্যান্য সরকারি দায়িত্ব ছাড়ার পর তাঁর গড় নিয়ে অতি সাবধানী হয়ে উঠেছে তৃণমূল নেতৃত্ব। যদিও পূর্ব মেদিনীপুর ছাড়াও অন্যান্য জেলায় শুভেন্দুর সমর্থনে ‘দাদার অনুগামী’ পোস্টারের বাড়বাড়ন্ত কম নয়। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরের সংগঠনের খোলনলচে বদলাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তৃণমূল শাসিকা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, শুক্রবার দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শিশির অধিকারীকে বলেন, ”নন্দীগ্রাম, কাঁথিতে প্রয়োজনে ব্লক সভাপতিদের বদলে দিন। যাঁরা দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত, এক মুহূর্ত সময় নষ্ট না করে তাঁদের বের করে দিন এখনই।”
শিশিরবাবুর উপর এই কাজের দায়িত্ব দেওয়ার পর কেটেছে মাত্র শুধু রাতটা।
বর্ষিয়ান নেতা শিশির অধিকারী কী পদক্ষেপ নেন, সে অপেক্ষায় বসে না থেকে কলকাতা থেকেই পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক নেতৃত্ব বদলে ফেলা হল । দেখে নিন পরিবর্তন-
- নন্দীগ্রাম ব্লক ১’এর সভাপতির পদ থেকে সরানো হল মেঘনাথ পালকে, নতুন সভাপতি স্বদেশরঞ্জন দাস।
- ভগবানপুর ব্লক ২’এর সভাপতি হলেন শশাঙ্কশেখর জানা।
তৃণমূল হাইকমান্ডের তরফে জানানো হয়েছে দল থেকে কাউকে তাড়িয়ে দেওয়া হবে না। যাদের নিয়ে দলে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বিরোধিতার সুর শোনা যাচ্ছে, শুধু সেখানে নতুন নেতাদের দায়িত্বে আনা হচ্ছে। শিশির অধিকারীকে এই বদল করে দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু তিনি কতটা কী করবেন, সেই ভরসায় না থেকে কলকাতা থেকে আগেই পদক্ষেপ করায় প্রশ্নও উঠছে।





