ফের তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত! কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিসিটিভি নেই? জনস্বার্থ মামলায় এবার রাজ্যপালকে পার্টি করল তৃণমূল

রাজ্য ও রাজ্যপালের মধ্যেকার সংঘাতের কথা কারোরই অজানা নয়। এবার যাদবপুরের ঘটনা নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে পার্টি করা হল। তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহার মামলায় যুক্ত করা হল রাজ্যপালকে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সিসিটিভি বসানো-সহ বেশ কয়েক দফা দাবী নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। ওই মামলাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর বক্তব্য, আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। তাছাড়া যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তাই মামলায় তাঁকেও যুক্ত করা হোক।

এই মামলায় কী কী আবেদন জানানো হয়েছে?

সুদীপ রাহা যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তাতে হোস্টেল কর্তৃপক্ষ ও রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইউজিসি-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় ও হোস্টেলে সিসিটিভি বসাতে হবে বলে আবেদন জানানো হয়েছে ওই জনস্বার্থ মামলায়। আচার্যের ভূমিকা নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।

তবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস যাদবপুরের ঘটনার পর থেকে বেশ সক্রিয়। বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়েছেন তিনি। কথা বলেছেন পড়ুয়াদের সঙ্গে। রাজভবনে বিশ্ববিদ্যালয় কোর্ট মিটিংও ডেকেছিলেন রাজ্যপাল। উপাচার্য না থাকায় যে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, সেকথা স্বীকার করেন তিনি।

আরও অন্যান্য খবর