বৈঠকের মাঝেই ধুন্ধুমার কাণ্ড ঘাটালে, দেবের সামনেই বাঁশ-লাঠি নিয়ে হাতাহাতি-মারপিট তৃণমূলের দুই গোষ্ঠীর, ঝরল রক্ত

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের দৃশ্য এখন যেন মাঝেমধ্যেই বেশ জোরালোবভাবে প্রকাশ পাচ্ছে। আর ঘাটালে সেই গোষ্ঠীদ্বন্দ্ব বেশ প্রবল, তা আর বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে দলের নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হলেও কে কার কথা শোনে। এবার ঘাটালের সাংসদ দেবের সামনেই মারপিট শুরু করে দিল তৃণমূলের দুই গোষ্ঠী। এর জেরে ধুন্ধুমার কাণ্ড এলাকায়।

আজ, রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ছিল এক বৈঠক। সেই বৈঠকের মাঝেই দুই গোষ্ঠীর হাতাহাতি তাও আবার দেবের সামনেই। দেব ও শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যে এই মারামারি হয় বলে খবর। এর আগে সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের দ্বন্দ্বের খবর মিলেছে বটে। দেব যদিও বলেছিলেন যে শঙ্কর তাঁর রাজনৈতিক গুরু। কিন্তু তা সত্ত্বেও যে দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে ক্রোশ জিইয়ে ছিল, তা আজ প্রমাণিত।

এদিন অরবিন্দ স্টেডিয়ামে দেব হাজির হতেই তাঁকে দেখে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। বৈঠক শুরু হলেই আচমকাই দুই গোষ্ঠীর সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাঁশ, লাঠি নিয়ে হামলা করা হয়। দেবের সামনেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ, বাঁশ, লাঠি দিয়ে পেটানো হতে থাকে। দেবের অনুগামীদের দাবী, বিশৃঙ্খলা তৈরি করার জন্যই শঙ্কর দলুইয়ের অনুগামীরা আগের থেকেই বাঁশ, লাঠি নিয়ে এসেছিল।

কিন্তু কী কারণে এমন হাতাহাতি?

ঘাটালে শুরু হয়েছে জনপ্রিয় শিশুমেলা। গত ৩০ বছর ধরে এই মেলা হচ্ছে। কিছুদিন ধরেই এই মেলা নিয়ে বেশ উত্তেজনা রয়েছে দেব ও শঙ্কর দলুইয়ের অনুগামীদের মধ্যে। মেলার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দ্বন্দ্ব চলছিলই। এদিনের এই বৈঠকে স্থির হয়, মেলার রাশ দুই দেব ও শঙ্কর দু’জনের হাতেই থাকবে। কিন্তু এরই মধ্যে হঠাৎ শুরু হয়ে যায় হাতাহাতি, মারামারি। রক্তারক্তি কাণ্ড হয় একেবারে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “নিজেরাই একে অপরকে মারছে। আসলে সবটাই দলের মধ্যে ভাগ-বাটোয়ারার ব্যাপার”।

আরও পড়ুনঃ শুনানি চললেও ধৃত সিভিককে আর আনা হবে না আদালতে, আর জি কর মামলায় সঞ্জয়ের জন্য অন্য ব্যবস্থা, সংবাদমাধ্যমে মুখ খুলতেই পদক্ষেপ? 

যদিও তৃণমূলের দাবী, এটা খুবই একটা ছোটোখাটো বিষয়। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতির কথায়, “এটা বড় কোনও ব্যাপার বলে আমি মনে করি না। এটা কোনও গোষ্ঠীর ব্যাপার নয়, হতে পারে কোনও ছোটখাটো ব্যাপার”। এই প্রসঙ্গে শঙ্কর দোলুই বলেন, “মেলা নিয়ে ঐক্য বজায় আছে। কাউকে বাদ দিয়ে মেলা করার কোনও ব্যাপার নেই”।

RELATED Articles